কাতারে সিটিসেল-চ্যানেল আই সংগীত পুরস্কারে তারার মেলা

কাল শুক্রবার কাতারের রাজধানী দোহার আল আহলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিটিসেল-চ্যানেল আই সংগীত পুরস্কার। এটি সিটিসেল-চ্যানেল আই সংগীত পুরস্কারের নবম আসর। এবারের অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ‘মানুষের জন্য গান’।
জানা গেছে, রবীন্দ্র, নজরুল, উচ্চাঙ্গ, লোক, আধুনিক, নবাগত শিল্পী, সংগীত পরিচালক, গীতিকার, ছায়াছবির গান, কাভার ডিজাইন, সাউন্ড ইঞ্জিনিয়ার, মিউজিক ভিডিও নির্মাতা সমালোচক এবং আধুনিক, শ্রেষ্ঠ ব্যান্ড, নবাগত শিল্পী, ছায়াছবির গান ও ফিউশনে জনপ্রিয়সহ সংগীতের মোট ১৮ বিভাগে ‘৯ম সিটিসেল-চ্যানেল আই সংগীত পুরস্কার’ প্রদান করা হবে। পুরস্কার প্রদানের পাশাপাশি থাকবে বাংলাদেশের নবীন-প্রবীণ খ্যাতিমান শিল্পীদের মন মাতানো নানা পরিবেশনা।

চ্যানেল আই সূত্রে জানা গেছে, ‘৯ম সিটিসেল-চ্যানেল আই সংগীত পুরস্কার অনুষ্ঠানে অংশ নিতে আজ সকালের ফ্লাইটে রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, মমতাজ, সৈয়দ আব্দুল হাদী, রেজওয়ানা চৌধুরী বন্যা, শাকিলা জাফর, তপন চৌধুরী, আইয়ুব বাচ্চু, জেমস, সেলিম চৌধুরী, শাহনাজ বেলী, মনির খান, রিজিয়া পারভীন, শফিক তুহিন, বালাম, কনা, হাবিব, দিনাত জাহান মুন্নি, নকুল কুমার বিশ্বাস, পুষ্পিতা, নাহিদ সুলতানা, ঝিলিক, রোমেল, বিউটি দাস, ববিতা, রাজ্জাক, মৌসুমী, ঈশিতা, ওমর সানী, নিপুণ, মিশা সওদাগর, ফেরদৌস, তিশা, জিল্লুর রহমান, শামস সুমন কাতার গেছেন। এ ছাড়াও গতকাল রাতের ফ্লাইটে কাতার গেছেন আমীরুল ইসলাম, ফারজানা ব্রাউনিয়া ও কোনাল।
চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর জানান, এবারের সিটিসেল-চ্যানেল আই সংগীত পুরস্কারে ফেরদৌসী রহমানকে প্রদান করা হবে আজীবন সম্মাননা পুরস্কার। এ ছাড়াও বিশেষ সম্মাননা জানানো হবে ভারত, ভুটান, নেপাল, মালদ্বীপ ও শ্রীলংকার শিল্পীদের।
এদিকে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আগে আজ বাংলাদেশ সময় সন্ধ্যার পর কাতারের দোহায় হোটেল অরিক্স রোটানায় লালগালিচা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে বাংলাদেশি শিল্পীদের পাশাপাশি ভারত, ভুটান, নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কার শিল্পীদের অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
শহিদুল আলম সাচ্চুর পরিচালনায় ‘৯ম সিটিসেল-চ্যানেল আই সংগীত পুরস্কার’ অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ফারজানা ব্রাউনিয়া।