কাদামাটিতে জীবনের গল্প
ঘরের কোণে একটা ঝরনার কথা কি চিন্তা করা যায়? যে ঝরনায় কেবল পানি ঝরবে, শেষ হবে না কখনো! কিংবা ভরবর্ষায় কচুরিপানায় ভর্তি ডোবায় ভেসে ওঠা ব্যাঙের কথা কি এই শহরে মনে পড়ে? সেখানে হাঁসের দল মেতে আছে জলকেলিতে। এ সবকিছুই মনে করিয়ে দিল হরপ্পা।গতকাল বুধবার হরপ্পার আয়োজনে শুরু হলো সিরামিক ও টেরাকোটা শিল্পকর্ম প্রদর্শনী। দৃক গ্যালারিতে ‘কাদামাটি ও জীবন’ নামের এই প্রদর্শনীতে উঠে এল এমন নানা অনুষঙ্গ। তৈরি করা হয়েছে পাঁচ ধাপের ঝরনা। আরেকটি বড় পাত্রে তৈরি করা হয়েছে কচুরিপানায় ভরা ডোবার পরিবেশ। সেখানে বেশ আয়েশি ভঙ্গিতে ঘুমিয়ে আছে একটি ব্যাঙ, আর তার নাক দিয়ে অনবরত পানি বেরোচ্ছে।এসব ছাড়াও প্রদর্শনীতে রয়েছে উড়ন্ত পাখি, ঘর সাজানোর নানান অনুষঙ্গ, নিত্যদিনের ব্যবহার্য তৈজসপত্র। রয়েছে দেয়ালের সৌন্দর্য বাড়ানোর জন্য আকর্ষণীয় সব শিল্পকর্ম। টেরাকোটাগুলো চোখজুড়ানো। তাতে আছে প্রাচীন ঐতিহ্য থেকে শুরু করে আধুনিক রুচির বৈচিত্র্যময় নকশা। মরমি গানের বাউলেরাও উঠে এসেছেন শিল্পকর্মে। ফুলের টবসহ আছে ব্যবহারের উপযোগী হরেক রকমের পাত্র।হরপ্পার এই প্রদর্শনীর উদ্বোধন করেন ভাস্কর মৃনাল হক। অতিথি ছিলেন সাংবাদিক আবেদ খান। এ সময় হরপ্পার বিপণন ব্যবস্থাপক আফসার আহমেদ বলেন, ‘এটি আমাদের তৃতীয় প্রদর্শনী। কাদামাটি দিয়ে তুলে ধরা হয়েছে আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিসগুলোকে। আর ময়মনসিংহের বিজয়পুরের সাদা মাটি ও দক্ষিণাঞ্চলের এলাকা বাউফলের লাল মাটি দিয়ে তৈরি হয়েছে এই শিল্পকর্মগুলো।’ ১০ জন শিল্পীর শিল্পকর্ম রয়েছে এ প্রদর্শনীতে। প্রদর্শনী চলবে ২১ জুন পর্যন্ত। প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে সবার জন্য।মন পবনের নাওমৈমনসিংহ গীতিকার চিরায়ত লোককাহিনি নিয়ে গড়ে উঠেছে নাটক মন পবনের নাও। প্রখ্যাত নাট্যকার বিভাস চক্রবর্তীর ‘মাধব মালঞ্চী কইন্যা’ অবলম্বনে নির্মিত হয়েছে নাটকটি। মৈমনসিংহ গীতিকার সেই পুরোনো গল্পকেই নতুন করে তুলে ধরেছেন নাটকের দল ‘নাট্যবেদ’-এর কর্মীরা। দলটির প্রথম প্রযোজনাও এটি। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার মিলনায়তনে এ নাটকের ‘ঢাকা উদ্বোধনী’ মঞ্চায়ন হলো। এর আগে ময়মনসিংহে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়।নাট্যবেদের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, ‘যে অঞ্চলের গল্প নিয়ে এবং যেখানে এ নাটকের জন্ম, সেখানে অর্থাৎ, ময়মনসিংহে শিল্পকলা একাডেমীতে গত ৮ মে এর উদ্বোধনী মঞ্চায়ন হয়।’গতকাল নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন উপলক্ষে স্টুডিও থিয়েটারকে সাজানো হয়েছিল বর্ণিল সজ্জায়। ঢোল করতালের শব্দ আর নাট্যকর্মীদের আনন্দনৃত্যে নতুন এই নাটকের দলের প্রথম নাটকটির মঞ্চায়ন হলো ঢাকায়।স্প্যানিশ কালচারাল সেন্টারের উদ্বোধনগতকাল সকালে ঢাকার বনানীতে স্প্যানিশ দূতাবাসের পরিচালনায় তাদের সাংস্কৃতিক কেন্দ্রের কার্যক্রম শুরু হলো আনুষ্ঠানিকভাবে। সাংস্কৃতিক কেন্দ্রটির অবস্থান বনানী ব্লক-কে, সড়ক-২৮, বাড়ি নম্বর-২১।সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন প্রধান অতিথি হিসেবে সাংস্কৃতিক কেন্দ্রের দ্বারোদ্ঘাটন করে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন স্পেনপ্রবাসী শিল্পী মনিরুল ইসলাম। সভাপতিত্ব করেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত আরর্তোর পেরেজ মার্টিনেজ। অনুষ্ঠান পরিচালনা করেন সাংস্কৃতিক কেন্দ্রের মহাপরিচালক ফায়ের মাহমুদ।প্রমোদ মানকিন বলেন, স্প্যানিশ সাংস্কৃতিক কেন্দ্র বাংলাদেশ ও স্পেনের সাংস্কৃতিক সেতুবন্ধ রচনায় ও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সভাপতির বক্তব্যে আরর্তোর পেরেজ মার্টিনেজ স্প্যানিশ কেন্দ্রের উন্নয়নে সবার সহযোগিতা ও সরকারের পৃষ্ঠপোষকতা কামনা করেন।