কান উত্সবে উদ্বোধনী ছবি ‘দ্য গ্রেট গ্যাটসবাই’
দ্য গ্রেট গ্যাটসবাই’ ছবির মাধ্যমে হলিউডে অভিষেক হয়েছে ভারতের প্রখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনের। ছবিটি মুক্তির আগেই সাফল্যের স্বাদ পেতে শুরু করেছেন বর্ষীয়ান এ তারকা। জানা গেছে, এই ছবির প্রদর্শনীর মধ্য দিয়ে এবারের কান চলচ্চিত্র উত্সবের পর্দা উঠছে।বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র উত্সবের আসর বসছে আগামী ১৫ মে। চলবে ২৬ মে পর্যন্ত। উত্সবের উদ্বোধনী ছবি হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে ‘দ্য গ্রেট গ্যাটসবাই’। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।এ প্রসঙ্গে অমিতাভ তাঁর ফেসবুক পাতায় লিখেছেন, ‘ছবির পরিচালক বাজ লুরম্যান আমাকে জানিয়েছেন, আগামী ১৫ মে “দ্য গ্রেট গ্যাটসবাই” ছবিটি প্রদর্শনীর মাধ্যমে এবারের কান চলচ্চিত্র উত্সবের পর্দা উঠবে। এর মধ্যেই আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত চূড়ান্ত করেছে উত্সব কর্তৃপক্ষ। এ ছাড়া ১ মে ছবিটির উদ্বোধনী প্রদর্শনীর কথাও জানিয়েছেন বাজ। সামনে ভ্রমণ অপেক্ষা করছে আমার জন্য।’প্রসঙ্গত, ১৯২৫ সালে প্রকাশিত স্কট ফিেজরাল্ডের লেখা উপন্যাস অবলম্বনে নির্মিত ‘দ্য গ্রেট গ্যাটসবাই’ ছবির মূল চরিত্র জে গ্যাটসবাই চরিত্রে অভিনয় করেছেন লিওনার্দো ডি’ক্যাপ্রিও। আর জে গ্যাটসবাইয়ের ব্যবসায়িক অংশীদার মেয়ার উলফশেইম চরিত্রে দেখা যাবে অমিতাভকে।অস্ট্রেলীয় নির্মাতা বাজ লুরম্যানের পরিচালনায় এই ছবিতে আরও অভিনয় করেছেন টবি ম্যাগুয়ার, ক্যারি মুলিগান, জেসন ক্লার্ক প্রমুখ। ছবিটি মুক্তি পাচ্ছে ১০ মে।