কান উত্সবে গুলি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কান চলচ্চিত্র উত্সব চলাকালে গতকাল শুক্রবার ফাঁকা গুলি ছোড়ায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছ থেকে গ্রেনেডসদৃশ বস্তু ও ছুরিও উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সেখানে উপস্থিত সবার মধ্যে।উত্সবস্থল থেকে সরাসরি সম্প্রচারিত একটি অনুষ্ঠানের জন্য ফরাসি অভিনেতা ড্যানিয়েল ও অস্কারজয়ী অস্ট্রীয় অভিনেতা ক্রিস্তফ ওয়ালজের সাক্ষাত্কার নিচ্ছিল ফরাসি টিভি চ্যানেল ‘ক্যানাল +’। ওই সময় হঠাত্ এক ব্যক্তি পিস্তল বের করে পর পর দুটি ফাঁকা গুলি ছোড়েন। ঘটনার আকস্মিকতায় প্রথমে হতবিহ্বল হয়ে পড়েন ড্যানিয়েল ও ক্রিস্তফ ওয়ালজ। পরে তাঁরা দৌড়ে নিরাপদ স্থানে সরে যান। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।ঘটনার সঙ্গে সঙ্গে ভিড় ঠেলে ওই ব্যক্তির কাছে পৌঁছে তাঁকে ধরে ফেলেন নিরাপত্তাকর্মীরা। তাঁকে টেনেহিঁচড়ে মাটিতে শুইয়ে ফেলা হয়। এর পরপরই সেখানে ছুটে যায় পুলিশ। ওই ব্যক্তির হাতে গ্রেনেডসদৃশ বস্তু পাওয়ায় দ্রুত সবাইকে সেখান থেকে চলে যেতে বলে পুলিশ। পরে অবশ্য জানা যায়, সেটা ছিল নকল গ্রেনেড। এ প্রসঙ্গে এক পুলিশের মন্তব্য, ‘সম্ভবত, ওই ব্যক্তি মানসিকভাবে বিকারগ্রস্ত।’

এমন ঘটনার পরও অনুষ্ঠান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আয়োজকেরা। সবাইকে উদ্দেশ করে তাঁরা বলেন, ‘দ্য শো মাস্ট গো অন’। এর পরপরই অনুষ্ঠানের সেটে ফিরে যান ‘জ্যাংগো আনচেইনড’ তারকা ক্রিস্তফ ওয়ালজ ও ‘ইনগ্লোরিয়াস বাস্টার্ডস’ তারকা ড্যানিয়েল। তাঁরা দুজনই এবারের ৬৬তম কান চলচ্চিত্র উত্সবের জুরি হিসেবে দায়িত্ব পালন করছেন। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এ চলচ্চিত্র উত্সব শুরু হয়েছে ১৫ মে; চলবে ২৬ মে পর্যন্ত।

এদিকে, উত্সবে যোগ দেওয়া বিশ্বের নামী-দামি তারকাদের সাময়িকভাবে ব্যবহারের জন্য বেশ কিছু মূল্যবান গয়না দিতে চেয়েছিল উত্সব কর্তৃপক্ষ। কিন্তু ১০ লাখ ডলারের বেশি মূল্যের সেসব গয়না চুরি হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, উত্সব চলাকালে গত বৃহস্পতিবার রাতে চুরি গেছে গয়নাগুলো। কাকতালীয় বিষয় হলো, একই দিন উত্সবে প্রদর্শিত হয়েছে তারকাদের ব্যবহার্য বিভিন্ন সামগ্রী চুরির বিষয়বস্তু নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘দ্য ব্লিং রিং’।

এদিকে জানা গেছে, গয়নাগুলো রাখা হয়েছিল কান শহরে অবস্থিত নভোটেল হোটেলের একটি কক্ষে। কক্ষটি ভাড়া নিয়েছিলেন সুইজারল্যান্ডের গয়না প্রস্তুতকারী প্রতিষ্ঠান চপার্ড-এর একজন কর্মচারী। কান চলচ্চিত্র উত্সবের অন্যতম পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করছে গয়না প্রস্তুতকারী প্রতিষ্ঠান চপার্ড।