কান উৎসব থেকে ২৬ লাখ ডলার মূল্যের নেকলেস চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কান চলচ্চিত্র উৎসবের ৬৬তম আসর থেকে এবার চুরি গেল ২৬ লাখ ডলার মূল্যের হীরার নেকলেস। সম্প্রতি ৮০ জন নিরাপত্তাকর্মী ও পুলিশের চোখ ফাঁকি দিয়ে মূল্যবান নেকলেসটি নিয়ে চম্পট দিয়েছে ধুরন্ধর চোর। এর আগে এই উৎসব থেকে চুরি গেছে ১০ লাখ ডলারের মূল্যবান বেশ কিছু গয়না।চুরি যাওয়া নেকলেসটি তৈরি করেছিল সুইজারল্যান্ডের গয়না প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডে গ্রিজগনো। প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা জানিয়েছেন, কান চলচ্চিত্র উৎসবে আসা অতিথিদের উপস্থিতিতে সম্প্রতি ফ্রান্সের স্থানীয় একটি বিলাসবহুল হোটেলে পার্টির আয়োজন করা হয়েছিল। ওই পার্টিতে মূল্যবান নেকলেসটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠান শেষ হওয়ার পর থেকে সেটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এক খবরে এ তথ্য দিয়েছে ‘জিনিউজ’। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের ৬৬তম আসর বসেছে ১৫ মে, চলবে ২৬ মে পর্যন্ত। উৎসবে যোগ দেওয়া বিশ্বের নামীদামি তারকাদের সাময়িকভাবে ব্যবহারের জন্য বেশ কিছু মূল্যবান গয়না দিতে চেয়েছিল উত্সব কর্তৃপক্ষ। কিন্তু ১০ লাখ ডলারেরও বেশি মূল্যের সে সব গয়না খোয়া যায় উৎসবের দ্বিতীয় দিন। গয়নাগুলো তৈরি করেছিল কান চলচ্চিত্র উৎসবের অন্যতম পৃষ্ঠপোষক ও সুইজারল্যান্ডের গয়না প্রস্তুতকারী প্রতিষ্ঠান চপার্ড। সেগুলো রাখা হয়েছিল কান শহরে অবস্থিত নভোটেল হোটেলের একটি কক্ষে। কক্ষটি ভাড়া নেওয়া হয়েছিল চপার্ড প্রতিষ্ঠানের একজন কর্মচারীর নামে। তাঁর তত্ত্বাবধানেই গয়নাগুলো রাখা হয়েছিল। চপার্ড প্রতিষ্ঠানের ওই কর্মচারীর অনুপস্থিতিতে ১৬ মে রাত আড়াইটার দিকে দরজা ভেঙে হোটেলকক্ষে প্রবেশ করে একদল চোর। তারা নিয়ে যায় ব্রেসলেট, নেকলেস, কানের দুলসহ মূল্যবান বেশ কিছু সামগ্রী। কাকতালীয় বিষয় হলো, একই দিন উত্সবে প্রদর্শিত হয়েছিল তারকাদের ব্যবহার্য বিভিন্ন সামগ্রী চুরির বিষয়বস্তু নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘দ্য ব্লিং রিং’। এ ছাড়া কান চলচ্চিত্র উৎসবের তৃতীয় দিন ঘটে আরেক দুর্ঘটনা। ফাঁকা গুলি ছোড়ায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে গ্রেনেডসদৃশ বস্তু ও ছুরিও উদ্ধার করে পুলিশ। উৎসবস্থল থেকে সরাসরি সম্প্রচারিত একটি অনুষ্ঠানের জন্য ফরাসি অভিনেতা ড্যানিয়েল ও অস্কারজয়ী অস্ট্রীয় অভিনেতা ক্রিস্তফ ওয়ালজের সাক্ষাত্কার নিচ্ছিল ফরাসি টিভি চ্যানেল ‘ক্যানাল +’। ওই সময় হঠাৎ এক ব্যক্তি পিস্তল বের করে পর পর দুটি ফাঁকা গুলি ছোড়ে। ঘটনার আকস্মিকতায় প্রথমে হতবিহ্বল হয়ে পড়েন ড্যানিয়েল ও ক্রিস্তফ ওয়ালজ। পরে তাঁরা দৌড়ে নিরাপদ স্থানে চলে যান।ঘটনার সঙ্গে সঙ্গে ভিড় ঠেলে ওই ব্যক্তির কাছে পৌঁছে তাকে ধরে ফেলেন নিরাপত্তাকর্মীরা। তাকে টেনেহিঁচড়ে মাটিতে শুইয়ে ফেলা হয়। এর পরপরই সেখানে ছুটে যায় পুলিশ। ওই ব্যক্তির হাতে গ্রেনেডসদৃশ বস্তু পাওয়ায় দ্রুত সবাইকে সেখান থেকে চলে যেতে বলে পুলিশ। পরে অবশ্য জানা যায়, সেটা ছিল নকল গ্রেনেড। এমন ঘটনার পরও অনুষ্ঠান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আয়োজকেরা। সবাইকে উদ্দেশ করে তাঁরা বলেন, ‘দ্য শো মাস্ট গো অন’। এর পরপরই অনুষ্ঠানের সেটে ফিরে যান ‘জ্যাংগো আনচেইনড’ তারকা ক্রিস্তফ ওয়ালজ ও ‘ইনগ্লোরিয়াস বাস্টার্ডস’ তারকা ড্যানিয়েল। তাঁরা দুজনই এবারের কান চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডের সদস্য।