কান উৎসবে আমন্ত্রিত জয়া
‘একজন বহুমাত্রিক চলচ্চিত্র ও টিভি অভিনেত্রী হিসেবে আমরা আপনাকে কান উৎসবে আমন্ত্রণ জানাচ্ছি। ৬৬তম কান চলচ্চিত্র উৎসবে আপনার নাম নিবন্ধন চূড়ান্ত করতে পেরে আমরা আনন্দিত।’ আমন্ত্রণপত্রের শুরুটা এমনই। সম্প্রতি অভিনেত্রী জয়া আহসানের কাছে এই চিঠি এসেছে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসব আয়োজকদের পক্ষ থেকে। জয়া বললেন, ‘কানের মতো মর্যাদাপূর্ণ উৎসব থেকে আমন্ত্রণ পাব ভাবিনি। এটা আমার অভিনয়জীবনের একটা বড় স্বীকৃতি।’ এ প্রসঙ্গে কথা হয় ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামালের সঙ্গে। তিনি বললেন, ‘জয়াকে অভিনন্দন। কান বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব। আমি আশা করব, বিশ্বের প্রথম সারির নির্মাতা-কলাকুশলীদের সঙ্গে পরিচিত হওয়ার এ সুযোগ জয়া কাজে লাগাবেন। ’ নির্মাতা অমিতাভ রেজা বললেন, ‘আমি ২০১১ সালে কান উৎসবে গিয়েছিলাম; তবে আমন্ত্রিত অতিথি হিসেবে নয়। বাংলাদেশের একজন অভিনেত্রী সেখানে আমন্ত্রণ পেয়েছেন, এটি আমাদের জন্য গর্বের বিষয়।’ জয়া আহসান জানান, তিনি মে মাসের মাঝামাঝি ফ্রান্স যাবেন। ফ্রান্সের কান শহরে ৬৬তম কান চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে ১৫ মে।