কান উৎসবে মার্কিন আধিপত্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসব যেসব বিষয় নিয়ে গর্ব করতে পারে, তার মধ্যে পৃথিবীর নানা প্রান্তের বিচিত্র চলচ্চিত্রের উপস্থিতি একটি। হলিউডি ঘরানার বাইরে নিজেদের ব্যতিক্রমী চলচ্চিত্রের আয়োজন নিয়ে যে কটি উৎসব গর্ব করতে পারে, কান তার মধ্যে অন্যতম। কিন্তু এবারের ৬৪তম কান উৎসবের শেষবেলায় বাজল অন্য সুর। চূড়ান্ত ফয়সালার দিনে ইউরোপের দেশ ফ্রান্সের কান উৎসবে বিজয়ের পতাকা ওড়াল মূলত মার্কিনরাই। উৎসবের সবচেয়ে সম্মানজনক পুরস্কার স্বর্ণ পাম জিতে নিয়েছে মার্কিন পরিচালক টেরেন্স মালিকের ছবি দ্য ট্রি অব লাইফ। গত শতকের পঞ্চাশের দশকের পটভূমিতে টেক্সাসের একটি পরিবারকে ঘিরে তৈরি এই ছবিতে অভিনয় করেছেন হলিউডের অভিনেতা ব্র্যাড পিট এবং শন পেন। সেরা অভিনেত্রীর পুরস্কারটাও গেছে মার্কিনদের দখলে। বিজয়ী কারস্টেন ডানস্ট। পুরস্কারটা পেয়েছেন ড্যানিশ নির্মাতা লার্স ফন ট্রিয়ারের মেলাঙ্কলিয়া ছবিতে অভিনয়গুণে। ব্যতিক্রমী ঘটনা তো বটেই। কারণ, এর দিন দুয়েক আগেই নিজেকে একজন নাৎসি দাবি করার কারণে উৎসব থেকে নিষিদ্ধ হয়েছেন লার্স ফন ট্রিয়ার। সেরা অভিনেতা ফ্রান্সের জঁ দুজারদ্যাঁ (দ্য আর্টিস্ট)। উৎসবের গ্র্যান্ড প্রাইজ ভাগাভাগি হয়েছে বেলজিয়ামের দ্য কিড উইথ দ্য বাইক (পরিচালক জঁ পিয়ের এবং লুক দারদেন) আর তুরস্কের ওয়ানস আপন এ টাইম ইন আনাতোলিয়ার মধ্যে। বিশেষ জুরি পুরস্কার জিতেছে ফ্রান্সের ছবি মাইওয়েন। সেরা চিত্রনাট্য বিভাগের পুরস্কার জিতে নিয়েছে ইসরায়েলের নির্মাতা জোসেফ সিডারের ফুটনোট। অন্যদিকে ক্যামেরা দ’র জিতেছে আর্জেন্টিনার পরিচালক পাবলো জিওর্জেল্লির ছবি লাস আকাসিয়াস। ওয়েবসাইট।