কান উৎসবের জুরিবোর্ড প্রধান স্পিলবার্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের কান শহরে আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে এ বছরের কান চলচ্চিত্র উৎসব, চলবে ২৬ মে পর্যন্ত। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এ চলচ্চিত্র পুরস্কারের জুরিবোর্ড প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন অস্কারজয়ী মার্কিন চলচ্চিত্র নির্মাতা স্টিভেন স্পিলবার্গ। সম্প্রতি ৬৬তম কান চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডের প্রধান হিসেবে স্পিলবার্গের নাম ঘোষণা করা হয়েছে। কানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কার হিসেবে সেরা ছবির পুরস্কার ‘স্বর্ণ পাম’ দেওয়ার সিদ্ধান্ত নেবে জুরি বোর্ড। এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে অনেক বেশি সম্মানিত বোধ করছেন বলে জানিয়েছেন ‘জুরাসিক পার্ক’খ্যাত ৬৬ বছর বয়সী এ নির্মাতা। সম্প্রতি এক খবরে এমন তথ্য দিয়েছে বিবিসি অনলাইন। অনুভূতি প্রকাশ করতে গিয়ে স্পিলবার্গ বলেছেন, ‘ছয় দশকেরও বেশি সময় ধরে অসাধারণ সব ছবির সঙ্গে সবাইকে প্রথম পরিচিত করিয়ে দেওয়ার দায়িত্ব সফলভাবে পালন করে আসছে কান চলচ্চিত্র উৎসব। বিশ্বের বিভিন্ন ভাষার চলচ্চিত্রকে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচয় করিয়ে দেওয়ার এই কার্যক্রমের কোনো তুলনা হয় না। এজন্য কান চলচ্চিত্র উত্সবকে আমি অনেক শ্রদ্ধা করি। উৎসবের জুরি বোর্ডের প্রধান নির্বাচিত হওয়ায় অনেক বেশি গর্বিত ও সম্মানিত বোধ করছি।’ ১৯৭৪ সালে কান চলচ্চিত্র উৎসবে স্পিলবার্গের ‘সুগারল্যান্ড এক্সপ্রেস’ ছবিটি সেরা চিত্রনাট্যের পুরস্কার পেয়েছিল। পরবর্তী সময়ে স্পিলবার্গ পরিচালিত বেশ কয়েকটি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে এ উৎসবে।