কান-কাহিনি

না থেকেও আছেন আব্বাস কিয়ারোস্তামি
আব্বাস কিয়ারোস্তামির টেস্ট অব চেরি স্বর্ণ পাম জিতেছিল ১৯৯৭ সালে। সে বছর সিনেমা-দুনিয়া অবাক হয়ে দেখেছিল এক সিনেমা গুরুর অসাধারণ নির্মাণশৈলী। বছর তিনেক আগে, তাঁর সঙ্গে দেখা হয়েছিল এই কানের রাস্তাতেই। পথচলতি আলাপে কিয়ারোস্তামি বলেছিলেন, বাংলাদেশে আসার ইচ্ছে আছে তাঁর। কিন্তু সবকিছু ব্যাটে–বলে হচ্ছে না। কিয়ারোস্তামির সত্যি সত্যি বাংলাদেশে আসা হতো কি না কে জানে। ক্যানসার তাঁকে তার আগেই নিয়ে গেছে অন্য ভুবনে। ৭০তম কান উৎসবের বিশেষ অনুষ্ঠানে থাকবে সদ্য প্রয়াত ইরানের এই সিনেমা গুরুর জন্য শ্রদ্ধা। বিশেষ প্রদর্শনীতে থাকবে তাঁর শেষ ছবি ২৪ ফ্রেমস। নানা সময়ে কিয়ারোস্তামির তোলা স্থিরচিত্রের একটি সংকলন নিরীক্ষামূলক এই ছবি।
অন্য ক্রিস্টেন স্টুয়ার্ট রবার্ট প্যাটিনসন কানে আসছেন অভিনেতা হিসেবেই। কিন্তু ‘টোয়ালাইট’ সিরিজের ছবিতে তাঁর জুটি (এবং সাবেক প্রেমিকা) ক্রিস্টেন স্টুয়ার্ট বেমালুম বদলে ফেলেছেন নিজেকে। বিশ্বাস করুন আর না-ই করুন, এবারে ক্রিস্টেন কানে আসছেন, যাঁকে বলে নির্মাতা হিসেবে। তাঁর চিত্রনাট্য ও পরিচালনায় ১৮ মিনিটের ছবি কাম সুইম এবার জায়গা করে নিয়েছে উৎসবের অফিশিয়াল সিলেকশনে। নির্মাতা হিসেবে কেমন এই হলিউড অভিনেত্রী? জবাব মিলবে কেবল ৭০তম কান উৎসবেই।
নিকোল কিডম্যানের চার
সিনেমা-দুনিয়ায় ২০১৭ সালটা যে নিকোল কিডম্যানের হতে চলেছে, সেটা মোটামুটি নিশ্চিত। আর বছরটা যদি বিস্ময়করভাবে নিকোল কিডম্যানের না-ও হয়, এবারের কান চলচ্চিত্র উৎসব যে ‘কিডম্যানময়’, তাতে সন্দেহ নেই কোনো। কান উৎসবের অফিশিয়াল সিলেকশনে একটিমাত্র ছবি থাকলে বর্তে যান দুনিয়ার যেকোনো নামি অভিনেত্রী। আর নিকোল কিডম্যানের একারই কিনা চার–চারটি ছবি! হ্যাঁ, এবার গুনে গুনে ঠিক চারটি ছবি কানের অফিশিয়াল সিলেকশনে থাকছে এই অস্ট্রেলিয়ান অভিনেত্রীর।

গার্ডিয়ান পত্রিকার নামী চলচ্চিত্র সমালোচক পিটার ব্রেডশ। এরই মধ্যে বলে ফেলেছেন, ‘এবারের উৎসব কানফেস্ট নয়, বলতে পারেন নিকোলফেস্ট।’ আমেরিকার গৃহযুদ্ধের সময়কার ঘটনা নিয়ে ছবি বিগিল্ডেড। সোফিয়া কপোলা পরিচালিত এই ছবিতে নিকোল কিডম্যান অভিনয় করেছেন মেয়েদের একটি স্কুলের প্রধান শিক্ষকের ভূমিকায়।

জেন ক্যাম্পিয়নের টপ অব দ্য লেক ছবিতে তিনি আছেন এক অস্ট্রেলিয়ান মায়ের চরিত্রে। হাউ টু টক টু গার্লস ছবিতে তাঁর চরিত্র এক ফ্যাশন ও সংগীত উদ্যোক্তার। এবারের উৎসবের কেন্দ্রবিন্দুতে আছে গ্রিক নির্মাতা ইয়োরগোস লানথিমোসের ছবি দ্য কিলিং অব সেকরেড ডিয়ার। এই ছবিতেও থাকছেন নিকোল কিডম্যান। ছবিতে তাঁকে দেখা যাবে এক শল্যচিকিৎসকের স্ত্রী হিসেবে। চরিত্রের বৈচিত্র্য বুঝি একেই বলে। ২০০১ সালে কানযাত্রা শুরু করেছিলেন নিকোল। ২০১৪ সালে তাঁর অভিনীত গ্রেস অব মনাকো ছবি দিয়ে শুরু হয়েছিল কান চলচ্চিত্র উৎসব। সেবারই প্রথম সামনাসামনি দেখার সুযোগ হয়েছিল এই অভিনেত্রীকে। ‘চোখের সামনে নিকোল কিডম্যান’ শিরোনামে সেই অভিজ্ঞতা ছাপা হয়েছিল প্রথম আলোর শেষ পাতায়। হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান যে বাংলাদেশেও দারুণ জনপ্রিয়, সে আর বলতে!

ম-তে মনিকা, ম-তে মুগ্ধতা
সোফিয়া লোরেনের পর ইতালীয় ছবির সবচেয়ে বড় বিজ্ঞাপন এই মুহূর্তে কে? উত্তরটা যদি হয় মনিকা বেলুচ্চি, কারও আপত্তি থাকার কথা নয়। মালেনা কিংবা ইরিভারসিবল-এর মতো ছবির সুবাদে মনিকা জয় করে নিয়েছেন বাংলাদেশেরও বহু সিনেমাপ্রেমীর হৃদয়। কান উৎসবেও একাধিকবার অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন মনিকা। ৭০তম পর্বে কান উৎসব এই ইতালিয় অভিনয়শিল্পীকে সম্মানিত করেছে মিস্ট্রেস অব দ্য সিরামনি ঘোষণা করে।