কান চলচ্চিত্র উৎসবে ‘বোম্বে টকিজ’
আগামী মাসে কান চলচ্চিত্র উৎসবের ৬৬তম আসরে প্রদর্শিত হবে ভারতীয় চলচ্চিত্রের ১০০ বছর পূর্তি উপলক্ষে নির্মিত ছবি ‘বোম্বে টকিজ’। কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য সম্প্রতি ভারত থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে ‘বোম্বে টকিজ’। গত বছর কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল অনুরাগ কশ্যপের ‘গ্যাংস অব ওয়াসিপুর’ ছবিটি। এ বছর ভারতীয় ছবি হিসেবে কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ২০ মিনিট ব্যাপ্তির চারটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সমন্বয়ে নির্মিত ‘বোম্বে টকিজ’। এর মধ্যেই ‘বোম্বে টকিজ’-এর দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ৩ মে। আর কান চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রদর্শিত হবে ১৯ মে। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ‘জিনিউজ’। ‘বোম্বে টকিজ’-এর চারটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করেছেন অনুরাগ কশ্যপ, জয়া আখতার, দিবাকর ব্যানার্জি ও করণ জোহর। কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর জন্য ‘বোম্বে টকিজ’ নির্বাচিত হওয়ায় ছবিটির চার নির্মাতাই দারুণ খুশি।এ প্রসঙ্গে করণ জোহর বলেন, ‘দিবাকর, অনুরাগ ও জয়ার সঙ্গে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হাঁটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমাদের সমন্বিত প্রচেষ্টা কানের মতো মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য বিবেচিত হওয়ায় অনেক বেশি সম্মানিত বোধ করছি।’