কান নগরে উৎসবের উত্তাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও উৎসবের আলোয় ঝলমলিয়ে উঠেছে দক্ষিণ ফ্রান্স। উৎসবের উত্তাপে আবারও সরগরম চলচ্চিত্রপ্রেমীদের তীর্থশহর কান। তামাম দুনিয়ার শীর্ষ অভিনেতা, নির্মাতা ও প্রযোজকেরা মুক্তকচ্ছ হয়ে ছুটছেন কান শহরে। আর যাঁদের এ যাত্রায় অংশ নেওয়ার সৌভাগ্য হচ্ছে না, তাঁরাও বসে নেই—হলিউড দুনিয়ার বাইরে বিশ্বের অন্যতম সম্মানজনক আর ঐতিহ্যবাহী এই চলচ্চিত্র উৎসবের খবরাখবর রাখতে ভুল করছেন না তাঁরা।কান উৎসবের ৬৪তম পর্বের শুরুতেই চমক—এবার কান উৎসবে প্রদর্শিত হচ্ছে ছয় বছরের কারাদণ্ডপ্রাপ্ত (সঙ্গে ২০ বছর ছবি নির্মাণ থেকে দূরে থাকার নিষেধাজ্ঞা) ইরানের দুই নির্মাতা জাফর পানাহি ও মোহাম্মদ রাসুলফের দুটি ছবি।মোহাম্মদ রাসুলফের ছবি গুডবাই তৈরি হয়েছে তেহরানের এক তরুণ আইনজীবীকে নিয়ে। ইরানের বাইরে যাওয়ার ভিসা পেতে হন্যে হয়ে ঘুরছেন এই আইনজীবী।অন্যদিকে, জাফর পানাহি ও মোস্তফা মিরতাহমাস পরিচালিত দিস ইজ নট এ ফিল্ম নামের তথ্যচিত্রটি তৈরি হয়েছে জাফর পানাহির বিচারের রায়ের জন্য অপেক্ষা করার অসহনীয় দিনগুলো নিয়ে।প্রতিযোগিতা বিভাগে উৎসবের সবচেয়ে সম্মানজনক পুরস্কার স্বর্ণপাম (পাম দ’র) বিজয়ের জন্য লড়বে বিশ্বের নানা প্রান্তের ২০টি ছবি। রবার্ট ডি নিরোর নেতৃত্বে উমা থারম্যান, জুড ল কিংবা সালেহ হারুনেরা (চাদের চলচ্চিত্র নির্মাতা) কোন ছবিকে সেরা ঘোষণা করবেন, সে বিচার পরে; তার আগে আমরা দেখে নিতে পারি প্রতিযোগিতা বিভাগে থাকা খ্যাতিমান পরিচালকদের নাম।শুরুতেই আসতে পারে স্পেনের পেদ্রো আলমোদোভারের নাম। তাঁর ছবি দ্য স্কিন আই লিভ ইন এবার লড়ছে স্বর্ণপামের জন্য। এই ছবিতে একজন প্লাস্টিক সার্জনের ভূমিকায় অভিনয় করেছেন অ্যান্টনিও ব্যান্ডেরাস। এর আগে একাধিকবার স্বর্ণপাম জিতেছেন বেলজিয়ামের জ পিয়ের ও লুক দারদেন জুটি। এবারে উৎসবে এসেছে তাঁদের ছবি দ্য কিড উইথ অ্যা বাইক। ডেনমার্কের নির্মাতা লারস ভন ট্রিয়ারের ছবি মেলাঙ্কলিয়াও আছে আলোচনায়।এই বিভাগের অন্য ছবিগুলোর মধ্যে আছে, ওয়ান্স আপন অ্যা টাইম ইন আনাতোলিয়া (তুরস্ক), ড্রাইভ (যুক্তরাষ্ট্র), স্লিপিং বিউটি (অস্ট্রেলিয়া) ও ডেথ অব অ্যা সামুরাই (জাপান)।কান উৎসবের পর্দা নামবে ২২ মে।ইকবাল হোসাইন চৌধুরী (সূত্র: ওয়েবসাইট)