কানমলা খেলেন শাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদম সত্যি কথা। শাকিব কানমলা খেয়ে উফ্ করে উঠলেন। ব্যাপারটি তাও আবার ঘটিয়েছে কয়েকজন বাচ্চা। তাদের অভিযোগ, ঘরে নতুন বউ এনে শাকিব তাদের কথা ভুলে গেছেন। এমনই বউ এনেছেন, যিনি কিনা চুলা জ্বালাতেও পারেন না। তাহলে বাচ্চাদের খাওয়াবে কে?শাকিব যখন খাবার কিনে মহল্লার ছেলেমেয়েদের কাছে এলেন, তখনই ছেলেমেয়েরা একজন আরেকজনের ঘাড়ে চড়ে শাকিবের কানটা মলে দিল।পরিচালক বললেন, কাট্ ইট। ক্যামেরাম্যান পনির পরিচালককে বললেন, একদম ঠিক আছে। এতক্ষণে প্রযোজক কালাম যেন একটু টেনশনমুক্ত হয়েছেন। ভালোভাবেই কাজটা এগোচ্ছে। একটু পরপর তিনি নায়কের খোঁজ নিচ্ছেন।নায়িকা সাহারা কোথায়?তিনি ঘরের মধ্যে আছেন। একটু পরই চিৎকার শোনা গেল—তেলাপোকা। সবাই ঘটনা শুনে হাসি। পরিচালক শাহীন সুমন। ছবির নাম সন্তানের মতো সন্তান।ক্যামেরার সামনে থেকে এসে চেয়ারে বসলেন শাকিব। গরমে অস্থির। কিন্তু কিছুই করার নেই। কাজ শেষ করতে হবে। জানালেন, সকাল সাতটা থেকে এসে ডাবিং করেছেন। এরপর ১০টা থেকে একজনের শুটিং শুরু করেছেন। তাঁর কাজ শেষ করে এসে এই ছবির কাজ করছেন। জানালেন, আগস্ট মাস পর্যন্ত এই সমস্যাগুলো থাকবে। এরপর তিনি একেবারে চাপমুক্ত হয়ে যাবেন। কারণ, তিনি বছরে ১০টির বেশি ছবি করছেন না। একটি ছবির কাজ করবেন এক মাস ধরে। ফলে বেশ আরামেই কাজ করতে পারবেন। পরিচালক ডাকলেন শাকিব খানকে। শাকিব উঠে গেলেন ক্যামেরার সামনে। একটি শট শুরু হয়েছে। এরই মধ্যে ক্যামেরাম্যান বললেন, ক্যামেরা রানআউট (ক্যামেরার নেগেটিভ শেষ হয়ে গেছে)।শাকিবের শুটিং শেষ করে আসতেই দেখা মিলল নীরবের। জানালেন, তিনি কলকাতার একটি ছবিতে অভিনয়ের জন্য ৫ জুন কলকাতায় যাচ্ছেন। দেখা হলো শহিদুল ইসলাম সাচ্চুর সঙ্গে। সেখান থেকে পরিচালক সমিতিতে গিয়ে দেখা গেল গোল হয়ে বসেছেন অনেক নির্মাতাই। তাঁদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে, কী করে বাঁচবে আমাদের চলচ্চিত্রশিল্প? আলোচনায় কেউ কেউ হতাশা প্রকাশ করলেও চাষী নজরুল ইসলাম একটু চিৎকার করে বললেন, ‘কিচ্ছুই হবে না। চলচ্চিত্র মরবে না। নতুন কোনো ঘটনা ঘটবে। নতুন মোড় নেবে। কেউ না কেউ এসে নতুন করে জোয়ারের সৃষ্টি করবে।’ চাষীর কথায় সবাই যেন একটু আশ্বস্ত হলেন।আসলেই কি সে রকম কিছু ঘটবে?