কানাডায় চলে গেছেন মৌসুমী
অভিনয়শিল্পী মৌসুমী বিশ্বাস কানাডায় চলে গেছেন। গতকাল সোমবার সকালে মুঠোফোনে যোগাযোগ হয় তাঁর সঙ্গে। কানাডার টরন্টো থেকে তিনি জানালেন, এখন থেকে তিনি স্থায়ীভাবে কানাডাতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন। ৫ নভেম্বর তিনি টরন্টো গেছেন। এখন মৌসুমী বিশ্বাস অভিনীত কয়েকটি ধারাবাহিক নাটক বিভিন্ন চ্যানেলে নিয়মিত দেখানো হচ্ছে। এর মধ্যে নন্দিনী ও মাধবী ভিলায় তিনি অভিনয় করছেন নাম ভূমিকায়। আরও কয়েকটি নতুন ধারাবাহিকে অভিনয় করেছেন। শিগগিরই এগুলোর প্রচার শুরু হওয়ার কথা।এভাবে হঠাৎ চলে যাওয়ার ব্যাপারে মৌসুমী বললেন, ‘একেবারেই ব্যক্তিগত কারণে আমি চলে এসেছি। আর এর জন্য কোনো পূর্বপ্রস্তুতিও ছিল না। সিদ্ধান্তটা হঠাৎই নিতে হয়েছে। তাই কাউকে জানিয়ে আসতে পারিনি। আমার জন্য অনেক নির্মাতারই তাঁদের নাটক নিয়ে অসুবিধার সম্মুখীন হতে হবে। এর জন্য আমি দুঃখ প্রকাশ করছি।’মৌসুমীর স্বামী নাট্য পরিচালক মিঠু বিশ্বাস আগে থেকেই কানাডায় আছেন।