কানে আবার সেলানের জয়

কৈশোরে খেলার সঙ্গী হিসেবে অনেককেই অনেক কিছু বেছে নেয়। তিনি বেছে নিয়েছিলেন ক্যামেরাকেই। সেই ক্যামেরা ছাড়েননি তারুণ্যে। হাতখরচ জোগাতে একসময় পাসপোর্ট ছবি তুলে দেওয়ার কাজও করেছেন। পরিণত বয়সে ক্যামেরার প্রতি ভালোবসার সেই প্রতিদান নিয়মিত পেয়েছেন নুরি সেলান। কানে এর আগে বেশ কয়েকবার পুরস্কৃত ও আলোচিত হওয়া এই তুর্কি পরিচালকের ছবি উইন্টার স্লিপ জিতে নিল এবারের পাম দ’র (স্বর্ণ পাম)।
রাজনৈতিক পালাবদলের গিলোটিনে প্রাণ দেওয়া তুরস্কের তরুণদের এই পুরস্কার উৎসর্গ করেছেন সেলান।
তিন ঘণ্টারও বেশি লম্বা ছবিটির দৈর্ঘ্য। তার পরও রিলের প্রতি পরতে উত্তেজনার সুতো সামান্যতম ঢিলে হতে দেননি সেলান। পারিবারিক কাহিনি নিয়ে নির্মিত পারিবারিক ছবিটি তাই জিতে নিয়েছেন বিচারকদের মন। হারিয়ে দিয়েছে অস্কার ও কানজয়ী পরিচালকসহ বাকি ১৭ প্রতিদ্বন্দ্বীকে।
গত শনিবার বাংলাদেশ সময় রাত ১১টায় গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে হয়ে গেল কান উৎসবের সমাপনী অনুষ্ঠান৷
জুলিয়ান মুর ক্যারিয়ারের প্রথমবারের মতো কানে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন ডেভিড ক্রোনেবার্গের বিদ্রূপাত্মক ছবি ম্যাপস টু দ্য স্টারস-এর জন্য। সেরা অভিনেতা হয়েছেন টিমোথি স্পাল (মিস্টার টার্নার)। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই করে জেতা স্পাল আবেগাপ্লুত হয়ে পড়েন।
সেরা পরিচালকের পুরস্কার অবশ্য সেলান জেতেননি। অলিম্পিকে কুস্তিতে সোনা জেতা মার্ক স্কুলজের জীবনী অবলম্বনে নির্মিত ফক্সক্যাচার ছবির জন্য সেরা পরিচালক হয়েছেন বেনেট মিলার। পাম দ’রের পরেই সবচেয়ে সম্মানজনক পুরস্কার গ্রাঁ প্রিঁ হাতে তুলেছেন আলিস রোহওয়াচের (দ্য ওয়ান্ডার্স)। ইতালিয়ান এই নারী পরিচালকের হাতে পুরস্কার তুলে দেন ইতালিয়ান কিংবদন্তি সোফিয়া লরেন।
তবে সব আলো অবশ্যই সেলানের ওপর। ১৯৮২ সালের পর এই প্রথম কোনো তুর্কি ছবি এত বড় সম্মাননা পেল। প্রধান বিচারক জেইন ক্যাম্পিয়ন সেলানের হাতে পুরস্কার তুলে দিতে গিয়ে কৌতুক করে বলেন, তিন ঘণ্টারও বেশি লম্বা ছবি শুনে তিনি ঘাবড়ে গিয়েছিলেন। তবে ছবিটা দেখার সময় আসন থেকে নড়তে পারেননি। বলেছেন, ‘ছবিটা যদি আরও কয়েক ঘণ্টা ধরে চলত, আমি তবুও দেখতাম।’
২০০৮ সালে কানের সেরা পরিচালকের পুরস্কার জিতেছিলেন সেলান। দুবার গ্রাঁ প্রিঁও জিতেছেন। কানে আবারও জয় হলো সেলানের। এএফপি, এপি।

একনজরে কান পুরস্কার ২০১৪
পাম দ’র (স্বর্ণপাম)
উইন্টার স্লিপ, পরিচালক: নুরি সেলান (তুরস্ক)
গ্রাঁ প্রি
লে মেরিয়াভিগেল (দ্য ওয়ান্ডারস), পরিচালক: অ্যালিস রোহওয়াচের (ইতািল)
সেরা পরিচালক
বেনেট মিলার, ফক্স ক্যাচার (যুক্তরাষ্ট্র)
জুরি প্রাইজ
মমি (মা), পরিচালক: হাভিয়ের দোলান (কানাডা)
গুডবাই টু ল্যাঙ্গুয়েজ, পরিচালক: জঁ লুক গদার (ফ্রাঙ্কো সুইস)
সেরা চিত্রনাট্যকার
আন্দ্রেই জিগনেতসিয়েভ, লেভিয়াথান (রাশিয়া)
সেরা অভিনেত্রী
জুলিয়ান মুর, ম্যাপস টু দ্য স্টারস (যুক্তরাষ্ট্র)
সেরা অভিনেতা
টিমোথি স্পাল, মিস্টার টার্নার (যুক্তরাজ্য)
ক্যামেরা দ’র
পার্টি গার্ল (ফ্রান্স)
স্বল্পদৈর্ঘ্য ছবি
লেইডি, পরিচালক:
সায়মন মেসা সোটো
(কলম্বিয়া)