
যেকোনো বিশ্ব আসরে বাংলাদেশি মাত্রই আগে বাংলাদেশের নাম খুঁজবেন—এটাই তো স্বাভাবিক। কিন্তু ৭০তম কান চলচ্চিত্র উৎসবের মহামিলনমেলায় বাংলাদেশের নাম কোথায়?
কানে বড় দৈর্ঘ্যের বাংলাদেশি ছবির অফিশিয়াল সিলেকশন এখনো দূর অস্ত। তবে কানের ছোট ছবির দুনিয়ায় বাংলাদেশ এবার উপস্থিত। এবারই প্রথমবারের মতো দুটি ছবি নিয়ে কানের শর্ট ফিল্ম কর্নারে হাজির বাংলাদেশ।
উৎসবের প্রাণকেন্দ্র প্যালে দো ফেস্তিভালের নিচতলায় ২২ মে থেকে চালু হয়েছে নবীন নির্মাতাদের সূতিকাগার হিসেবে বিবেচিত ‘কান শর্ট ফিল্ম কর্নার’ বা কান কোহ মিঁতাজ। চলবে উৎসবের শেষ দিন পর্যন্ত।

চালু হওয়ার পর থেকেই সারা বিশ্বের উঠতি নির্মাতাদের অংশগ্রহণে সরগরম হয়ে উঠেছে জায়গাটা। রীতিমতো লম্বা লাইনে অপেক্ষা করে ডিজিটাল লাইব্রেরিতে ছবি দেখতে আসছেন বহু সিনেমাপ্রেমী। মূলত দেশের টানেই সেই লাইনে এবার ছিল আহমেদ মুজতবা জামাল এবং সামিয়া জামানের মতো বেশ কিছু বাংলাদেশি মুখ।
লাইন পেরিয়ে লাইব্রেরিতে ঢোকার আগেই অবশ্য প্যালে দো ফেস্তিভালের নিচতলায় দেয়ালে সাঁটা টাচস্ক্রিনে ‘বাংলাদেশ’ লিখে খোঁজ করলে চোখে পড়বে দুটি নাম—ঢাকা ২.০০ ও দাগ।
একাত্তরের এক নির্যাতিতা শিলা। ঘটনাচক্রে তাঁর বিয়ে হয়েছে এক যুদ্ধাপরাধীর সঙ্গে। একাত্তর এবং একাত্তর-পরবর্তী সময়ের গল্প নিয়ে জসিম আহমেদের থ্রিলার ছবি দাগ। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শশী, শতাব্দী ওয়াদুদ ও বাকার বকুল।
আলো-আঁধারির রাতের ঢাকা। ঘুরে বেড়াচ্ছে একজন রহস্যময় আগন্তুক। এমন পটভূমি নিয়ে ইকবাল হোসাইন চৌধুরীর নিরীক্ষামূলক থ্রিলার ঘরানার ছবি ঢাকা ২.০০। ছবিটিতে অভিনয় করেছেন বাহার রহমান।
শর্ট ফিল্ম কর্নারে বাংলাদেশের দুটি ছবি সম্পর্কে এবারে লা আঁতালিয়েরে আমন্ত্রিত নির্মাতা কামার আহমাদ সাইমনের মন্তব্য গুরুত্বপূর্ণ। কামার বলেছিলেন, ‘নবীন নির্মাতাদের জন্য শর্ট ফিল্ম কর্নার একটি ভালো সুযোগ। কাউকে না কাউকে শুরুটা করতে হয়। এটা অবশ্য অনেক আগেই শুরু হওয়া উচিত ছিল। দেরিতে হলেও (বাংলাদেশের) শুরুটা যে হলো, সেটাই আসল।’