কানে কানাকানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কান নিয়ে কানাকানির অন্ত নেই বলিউডে। ৬৪ বছর ধরে ফ্রান্সে অনুষ্ঠিত হয়ে আসছে কান চলচ্চিত্র উৎসব। সারা বিশ্বের চলচ্চিত্রবোদ্ধারা বরাবরই এ উৎসবকে সম্মানের চোখে দেখেন। কিন্তু বলিউডবাসীর কাছে ১০ বছর ধরে কান চলচ্চিত্র উৎসব বিশেষ কিছু। তাদের নায়িকা ঐশ্বরিয়া রাই বচ্চন যে প্রতিবছর সেখানে আমন্ত্রিত হন। সুতরাং অ্যাশ কোন পোশাকে গেলেন, পোশাকটা কতটা মানানসই হলো, স্বামীসহ গেলেন নাকি একাই গেলেন—এসব নিয়ে চলে বিস্তর গবেষণা। দু-তিন বছর ধরে ঐশ্বরিয়ার সঙ্গে প্রতিযোগিতায় নেমেছেন মল্লিকা শেরাওয়াত, গত বছর লাল গালিচায় হেঁটেছেন দীপিকা পাড়ুকোন। এবার সেই পথে কানে হাজিরা দিয়েছেন সোনম কাপুর, মিনিশা লাম্বা, সাইফ আলী খান, করণ জোহর এবং স্লামডগ মিলিওনিয়ার জুটি ফ্রিদা পিন্টো-দেব প্যাটেল। বাঙালি অভিনেত্রী পাওলি দামও গেছেন তাঁদের সঙ্গে। সমস্যা একটাই, বরাবরের মতো এবারও ঐশ্বরিয়া বাদে কাউকেই তারকার মর্যাদা দেননি ফরাসি সাংবাদিকেরা। সোনম কাপুর গিয়েছিলেন ল’রেলের মুখপাত্র হিসেবে, পণ্যের প্রচারে। অথচ তাঁকে নিয়ে জনপ্রিয় এক নিউজ এজেন্সি লিখেছো— ‘অপ্রত্যাশিত অতিথি’। মিনিশা লাম্বাকে নিয়ে রসিকতা করে এক সাংবাদিক লিখেছেন—‘মিনি ঐশ্বরিয়া রাই’। মল্লিকা শেরাওয়াতের এবার তৃতীয়বারের মতো কান সফর। গত বছর হিসস ছবির প্রচারণা চালাতে সাপ গলায় জড়িয়ে এলাহী কাণ্ড করেছিলেন। তাতেও কেনো যেন কারও চোখে পড়তে পারেননি মল্লিকা। তাঁর ছবির নিচে ক্যাপশন দেওয়া হয়েছে—‘ভারতের অখ্যাত মডেল’। সবচেয়ে করুণ দশা হয়েছিল সাইফ আলী খানের। কালো স্যুট পরে হোটেলে বসে ফেসবুকে ছবি আপলোড করেছিলেন। স্ট্যাটাস দিয়েছিলেন, ‘যাচ্ছি কানের লাল গালিচায়।’ অথচ হায়! শত শত আলোকচিত্রীর মধ্যে কেউই সাইফকে আপন মনে করে একটি ছবিও তুলে দেননি। সবাই ব্যস্ত ছিলেন এন্থোনিও বান্দারাস ও সালমা হায়েককে নিয়ে। ব্যথিত হূদয়ে সাইফ শাক দিয়ে মাছ ঢেকেছেন এভাবে: ‘সত্যিকার অর্থে আমি একটি পণ্যের মুখপাত্র হিসেবে কানে গিয়েছিলাম। তবে অস্বস্তিতে ছিলাম পুরোটা সময়ই। কারণ, আমি প্রথমত মডেল নই অভিনেতা। মেধাহীন সুদর্শন নই বলেই হয়তো কেউ আমল দেননি। কানের লাল গালিচা আসলে মেধাহীন সুন্দরীদের জন্য।’ নিজেকে ও প্রেমিকা কারিনা কাপুরকে বাঁচাতে গিয়ে ঐশ্বরিয়া রাই বচ্চন ও বচ্চন পরিবারকে চটিয়েছেন ‘ছোট নবাব’। ঐশ্বরিয়াও মোক্ষম জবাব দিয়েছেন, ‘অলস মস্তিষ্ক বুদ্ধিহীন কথা বলবেই। তাদের কথায় কান না দেওয়াই ভালো।’ ঐশ্বরিয়া বরং কান দিয়েছেন সেই সব সমালোচকের কথায়, যাঁরা তাঁর রূপের জাদুতে মুগ্ধ হয়ে দুই কলম লিখেছেন। ফ্লেয়ার ম্যাগাজিন লিখেছে, এবার এখন পর্যন্ত সেরা পোশাকধারী ভারতের ঐশ্বরিয়া রাই। রোমান প্রেস লিখেছে, এবারের সেরা সুন্দরী উমা থারম্যান, সালমা হায়েক, ঐশ্বরিয়া রাই, র্যাচেল ম্যাকঅ্যাডামস ও ক্যারোলিনা কুরকোভা। স্প্যানিশ ম্যাগাজিন লিখেছে, ‘সেরা সুন্দরীর খেতাব এবার পাচ্ছেন ভারতের ঐশ্বরিয়া। তিনি বরাবরই সুন্দরী। তবে দিন দিন ঐশ্বরিয়ার সৌন্দর্য যেন আরও বিকশিত হচ্ছে।’ এসব প্রশংসাবাণী ঐশ্বরিয়ার কাছে একপশলা বৃষ্টির মতো। কারণ, শুরুতে তাঁর ফ্যাশনজ্ঞান নিয়ে কড়া সমালোচনার মধ্যে পড়তে হয়েছিল। এবারও অবশ্য ভারতের দুই ডিজাইনার কুনাল রাওয়াল ও লিনা টিপনিজ এগিয়ে রাখবেন সোনম কাপুরকেই; তবে আরশিয়া ফাকিহ সেরা পোশাকধারীর খেতাব দিতে চান অ্যাশকেই। ওদিকে টালিগঞ্জের পাওলী দাম শ্রীলঙ্কান পরিচালক বিমুক্তি জয়সুন্দরার বাংলা ছবি ছত্রাক-এ অভিনয় করে সহ-অভিনেতা টমাস লেমার্কের সঙ্গে এবার লাল গালিচায় হেঁটেছেন। তবে পাওলী অন্যদের মতো পাশ্চাত্য ঘরানার গাউন পরেননি। ঘিয়ে জমিনের লাল পাড়ের ঢাকাই শাড়ি জড়িয়ে নিজেকে বাঙালি হিসেবে তুলে ধরেছেন কানের গালিচায়। এতে অবশ্য প্রশংসিতই হয়েছেন তিনি। অন্তত মল্লিকা, মিনিশার চেয়ে পাওলীকে নিয়ে কানাকানি হয়েছে বেশি।  রুম্মান রশীদ খান সূত্র: ওয়েবসাইট