কানে কানে কানকথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেরিল–প্রথম আলো পুরস্কার ২০১৪
মেরিল–প্রথম আলো পুরস্কার ২০১৪

আগের দিন বউয়ের জন্মদিন থাকার কারণে মহড়ায় অংশ নিতে পারেননি। তাই আগেভাগেই এদিন মহড়াকক্ষে এসে হাজির অভিনেতা ইমন। এসেই বসলেন নৃত্যপরিচালকের কাছে। তখন চলছিল আরেকটি গানের মহড়া। এরই মধ্যে নৃত্যপরিচালকের সঙ্গে কানে কানে কথা বলা শুরু করেছেন ইমন। পাশে বসেও খুব একটা পরিষ্কারভাবে বোঝা গেল না তাঁদের দুজনের ফিসফাস। তবে গুরুত্বপূর্ণ কোনো আলাপ যে চলছে, আঁচ করা গেল সেটি। কী কথা বলছেন দুজনে? জানতে চাইলে ইমন বললেন, ‘মেরিল-প্রথম আলো অনুষ্ঠান বলে কথা। মঞ্চে তো আর যেনতেনভাবে ওঠা যাবে না। গতকাল তো আসতে পারিনি। আজ ভালো করে জিনিসটা সোহাগ ভাইয়ের কাছ থেকে বুঝে নিচ্ছি।’
তবে কী বিষয় নিয়ে এই চলচ্চিত্র অভিনেতা মঞ্চে উঠবেন? অভিনয়, নাকি নাচ? বিষয়টি আপাতত গোপনই থাক।

দুই অভিনেতার দেখাদেখি!
একমনে মহড়া করছেন ইমন। এর মধ্যে মহড়াকক্ষে ঢুকলেন অভিনয়শিল্পী আনিসুর রহমান মিলন। শুটিং লোকেশন থেকে সোজা এসেছেন প্রথম আলোর কার্যালয়ে—মহড়াকক্ষে। চোখেমুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। বললেন, ‘সারা দিন ফাইটিং দৃশ্য করতে হয়েছে। আরমান ভাইয়ের কাছে ফাইটিং দৃশ্য করা মানে কোনো ছাড় নাই।’ কথাগুলো বলা শেষ তো অমনি তাঁর চোখ ইমনের দিকে। কিন্তু তখনো মহড়ায় মগ্ন ইমন। এবার মিলন গিয়ে জড়িয়ে ধরলেন তাঁকে। বললেন, ‘কত দিন দেখিনি তোকে। আয় বুকে আয়।’
মিলনের এ কথায় এবং মিলন তাঁকে জড়িয়ে ধরায় মহড়াকক্ষভর্তি মানুষজনের সামনে ইমনের মুখ খানিকটা লজ্জায় লাল। তবে ইমনও তো কম যান না। বিষয়টি সামলে নিয়ে তিনিও খানিকক্ষণ জড়িয়ে ধরে রাখলেন মিলনকে। বললেন, ‘মিলন ভাই, আপনি আমার একজন পছন্দের মানুষ। এখন আমারও মনে হচ্ছে, কত কাল দেখিনি আপনাকেও!’
এ দুই অভিনেতার দেখাদেখিতে মহড়াকক্ষের চারপাশজুড়ে ততক্ষণে ছড়িয়ে পড়েছে হাসির রোল।

নাচতে নেমে ঘোমটা দিলে তো চলবে না
চাঁদনী: তোমার শরীর তো ভাঙে নারে ভাই! আরও ভাঙতে হবে। নাচের মুদ্রাগুলোও ঠিকঠাক দিতে হবে। রক্ষা নেই কিন্তু...।
দিনার: মানে কী...? আমি তো জীবনে নাচের ধারে-কাছেও যাইনি। তার ওপর আবার ঠিকঠাক নাচের মুদ্রা! ওরে বাবা, আমাকে মাপ করো ভাই।
চাঁদনী: নাচতে নেমে ঘোমটা দিলে তো চলবে না। কাজটা তোমাকে রপ্ত করতেই হবে। কোনো উপায় নেই।
দিনার: এই তো দেখছি মহা ঝামেলার ব্যাপার। আচ্ছা চাঁদনী, আমরা তো এখানে অভিনয় করতে এসেছি। পাণ্ডুলিপিতে তো তা-ই আছে। তাহলে নাচটা কেন?
চাঁদনী: আরে ভাই বুঝলাম তো তুমি অভিনয় করবা। তবে এখানে অভিনয়ের সঙ্গে নাচের একটা সম্পর্ক আছে। বোঝো না কেন, আমরা একটা রিমিক্স কাজ করছি...।
দিনার: হুম, বুঝতে পেরেছি। কিন্তু এই রিমিক্সের গ্যাঁড়াকলে আমার অবস্থা টাইট! যা থাকে কপালে, চলো মহড়া শুরু করি।
পাঠক, এই সংলাপগুলো শুনে মনে হতে পারে কোনো নাটকের শুটিং কিংবা মহড়া হচ্ছে। হ্যাঁ, ঠিক তা-ই। প্রথম আলো কার্যালয়ের মহড়াকক্ষে এই দৃশ্যটি দেখা গেছে ৪ মে রাত আটটার সময়। সেদিন মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৪-এর অনুষ্ঠানের মহড়া চলছিল সেখানে। মূল অনুষ্ঠানের বাকি আছে আর মাত্র দুই দিন। তাই খুব জোরসে চলছে মহড়া। এ রকম মহড়াতেই সেদিন এসেছিলেন ইন্তেখাব দিনার, চাঁদনী, শামীম জামান, জয়রাজ, বাকার বকুল এবং স্নাতা জামান ও তাঁর নৃত্যশিল্পীরা।
কী নিয়ে চলছে মহড়া? না, সেটা এখনই বলব না। সেই আকর্ষণটুকু দেখা যাবে ৮ মে সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেরিল-প্রথম আলোর আলো ঝলমল মঞ্চে।

এ সংখ্যায় ‘মহড়াকক্ষ থেকে’–এর লেখাগুলো লিখেছেন শফিক আল মামুন, সুজাত হোসেন, বিপাশা রায় ও ফারহানা হাসান