কানে বাংলাদেশি নির্মাতার 'আই ফর অ্যান আই'

আজ থেকে শুরু কান চলচ্চিত্র উৎসব। এখানে শর্ট ফিল্ম কর্নারের জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশের নির্মাতা খিজির হায়াত খানের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আই ফর অ্যান আই’।
খিজির হায়াত খান প্রথম আলোকে বলেন, কান চলচ্চিত্র উৎসবে ‘আই ফর অ্যান আই’ শর্ট ফিল্ম কর্নারের জন্য নির্বাচিত হয়েছে। এটি মূলত রাজনৈতিক থ্রিলারধর্মী ছবি। এর লেখক ক্যারেন ম্যাক্সি। এ ছবিতে অভিনয় করেছেন কানাডার অভিনেত্রী মমোনা কমাগতা ও বাংলাদেশের শান রহমান। ছবির চিত্রগ্রহণের কাজ হয়েছে কানাডায়।

আই ফর অ্যান আই ছবির বিষয়বস্তু সম্পর্কে খিজির হায়াত জানান, ৯ / ১১ এর পরবর্তী সময়ের পটভূমিতে ছবিটি নির্মাণ করা হয়েছে। ১৮ মিনিট দৈর্ঘ্যের ছবির কাহিনি গড়ে উঠেছে ইরানের এক শিক্ষার্থীকে ঘিরে। একজন মুসলমান হিসেবে ৯ / ১১ এর পরবর্তী সময়ে তার মানসিক চাপ ও পরিস্থিতির শিকার হওয়ার বিষয়টি ছবিতে ফুটে উঠেছে। ছবিটি একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে।
খিজির হায়াত বলেন, ‘আমি বাংলাদেশ থেকে পড়াশোনার যুক্তরাষ্ট্র ও কানাডায় ছিলাম। ৯ / ১১ তারিখে যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর মুসলমানদের প্রতি সেখানকার মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যায়। ওই সময়ে ইরানের এক বিজ্ঞানীকে খুন করা হয়। ঘটনাটি আমাকে খুব নাড়া দেয়। দেশের বাইরে থাকা মানুষগুলোর এ ধরনের পরিস্থিতিতে মানসিক চাপ নিয়ে কিছু একটা করা উচিত মনে করেই ‘আই ফর অ্যান আই’ তৈরি করার পরিকল্পনা করি।’
ছবির ভিডিও ট্রেলার দেখুন