কানে ভালোবাসার স্বর্ণ পাম
এবারের কান চলচ্চিত্র উত্সবের আসর থেকে পাম ডি’অর বা স্বর্ণ পাম ঝুলিতে ভরেছে অস্ট্রিয়ান চলচ্চিত্র-নির্মাতা মিশায়েল হানেকে পরিচালিত চলচ্চিত্র ‘লাভ’ (আমর)’। ৬৫তম কান চলচ্চিত্র উত্সব আসরের পর্দা নেমেছে ২৭ মে রোববার। ওই দিন হানেকের হাতে স্বর্ণ পাম পুরস্কার তুলে দেওয়া হয়েছে।‘লাভ’-এর ফরাসি ‘আমর’ আর বাংলায় ভালোবাসা। ভালোবাসা নিয়ে নির্মিত একটি চলচ্চিত্র দিয়ে ইউরোপ জয় করলেন ৭০ বছর বয়সী অস্ট্রিয়ান চলচ্চিত্র পরিচালক মিশায়েল হানেকে। তবে এটাই তাঁর প্রথম স্বর্ণ পাম জয় করার ঘটনা নয়। এ নিয়ে দুবার স্বর্ণ পাম জিতলেন ‘ডিস্টার্বিং স্টাইল’খ্যাত হানেকে।বর্তমান সময়ের সমাজের চালচিত্র নিয়ে হানেকে নির্মাণ করেন তাঁর চলচিত্র, যা তাঁর চলচ্চিত্রে আলাদা একটি আবেদন তৈরি করে। এমনটিই ঘটেছে ‘লাভ’ চলচ্চিত্রটির ক্ষেত্রে। বয়স্ক দুজন নর-নারীর ভালোবাসা আর হূদয়ের টান ফুটিয়ে তুলেছেন হানেকে। নিজের অসাধারণ মুন্সিয়ানা আর অভিজ্ঞতা দিয়ে তিনি পর্দায় ফুটিয়ে তুলেছেন ‘আত্মিক’ ভালোবাসার এক অসাধারণ চালচিত্র। ফ্রান্সের ৮১ বছর বয়স্ক অভিনেতা জ্যঁ লুই ত্রেতিনিয়ঁ ও ৮৫ বছর বয়স্ক অভিনেত্রী ইমানুয়েল রিভা ‘লাভ’ চলচ্চিত্রের মূল দুটি চরিত্রে অভিনয় করেছেন। এর আগে ২০০৯ সালে ‘হোয়াইট রিবন’ হানেকেকে প্রথমবারের মতো স্বর্ণ পাম এনে দিয়েছিল। জার্মান ভাষার সেই সাদা-কালো চলচ্চিত্রে প্রথম বিশ্বযুদ্ধের পূর্ব জার্মানির প্রত্যন্ত এক গ্রামের সমাজ বাস্তবতা তুলে এনেছিলেন তিনি।পুরস্কার জিতে অনুভূতি প্রকাশ করতে গিয়ে হানেকে বলেছেন, ‘আমি খুবই খুশি। ধন্যবাদ জুরি বোর্ডকে। আরও ধন্যবাদ থিয়েরি ফ্রেমক্সকে, যাঁকে ছাড়া এই ছবি তৈরির সুযোগ আমি পেতাম না। এই ছবি নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অনেক অনেক ধন্যবাদ।’ এক খবরে এমনটিই জানিয়েছে ইএনস্টারজ।হানেকে আরও বলেছেন, ‘বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই আমার স্ত্রীকে যিনি বছরের পর বছর ধরে আমার কাজে উত্সাহ জুগিয়ে চলেছেন। এই ছবির সাফল্যের অন্যতম দাবিদার এর দুই অভিনেতা। তাঁদেরও ধন্যবাদ।’এবারের কান চলচ্চিত্র উত্সবে ইউরোপীয় চলচ্চিত্র সবচেয়ে বেশি পুরস্কার জিতেছে। মোট ২২টির মধ্যে ২১টি পুরস্কার গেছে ইউরোপে। তবে ব্যতিক্রম ঘটেছে সেরা প্রথম চলচ্চিত্রের ক্ষেত্রে। মার্কিন পরিচালক বেন সাউটলিন জিতেছেন ‘কামেরা দর’ পুরস্কার।সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ডেনমার্কের মাডস মিকেলসেন? ‘দ্য হান্ট’ ছবিতে অভিনয় করে তিনি জিতেছেন সেরা অভিনেতার পুরস্কারটি। সেরা অভিনেত্রীর পুরস্কার ভাগ করে নিয়েছেন রোমানিয়ার ‘বিয়ন্ড দ্য হিলস’ ছবির দুই অভিনেত্রী কসমিনা স্রাটান ও ক্রিস্টিনা ফ্লুটুর।