কানে রানীর বদলে মিস ইন্ডিয়া কনিষ্ঠা
কান চলচ্চিত্র উত্সবের ৬৪তম আসরের লাল গালিচায় হাঁটা হবে না বলিউডের বাঙালি কন্যা রানী মুখার্জির। বাবার অসুস্থতার কারণে এবারের উত্সবে যাচ্ছেন না রানী। এতে ভাগ্য খুলেছে আরেক ভারতকন্যা মিস ইন্ডিয়া কনিষ্ঠা ধংকার। আজ বুধবার টাইমস অব ইন্ডিয়া এ খবর জানায়।কান চলচ্চিত্র উত্সবে অংশ নেওয়ার জন্য রানী ভারতের নামী ডিজাইনার থেকে সাজ পোশাকও বানিয়েছিলেন। রানীর পোশাকের ডিজাইনার সব্যসাচী জানান, ‘কথামতো রানীর সব ধরনের পোশাক তৈরিও করা হয়েছিল। রানী পোশাকগুলো পরতে পারছেন না—এটা ভেবে আমার খুব দুঃখ হচ্ছে।’ তিনি আরও বলেন, রানীর বাবার অসুস্থতা আমাকে আরও বেশি ভাবাচ্ছে।কান চলচ্চিত্র উত্সবে যোগ দিতে পেরে বেশ উচ্ছ্বসিত মিস ইন্ডিয়া কনিষ্ঠা ধংকার। জানা গেছে, তিনিই হচ্ছেন প্রথম মিস ইন্ডিয়া যিনি কান চলচ্চিত্রের মতো বড় আসরে অংশ নেওয়ার সুযোগ পেলেন। কনিষ্ঠা জানান, ‘আমি যতটা না খুশি, তার চেয়ে বেশি ভয় হচ্ছে। কান চলচ্চিত্রের লাল গালিচায় হাঁটার সুযোগ পেয়ে রীতিমতো গর্ববোধ করছি।’২২ বছর বয়সী এই মডেল বর্তমানে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার চূড়ান্ত আসরে যোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কনিষ্ঠা মনে করছেন, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার আগে এ ধরনের সম্মানজনক একটি আসরে যোগদান বাড়তি মাত্রা যোগ করবে।উল্লেখ্য, কান চলচ্চিত্র উত্সবের এবারের আসর শুরু হয়েছে ১১ মে। চলবে ২২ মে পর্যন্ত। এরই মধ্যে কান চলচ্চিত্রের আসরে বলিউডের ঐশ্বরিয়া রাই বচ্চন, সাইফ আলী খান, সোনম কাপুর, মল্লিকা শেরাওয়াত, ফ্রিডা পিন্টো, মিনিষা লাম্বা ও নির্মাতা করণ জোহর উপস্থিত ছিলেন।