কানে ৫ ‘বন্ড’ ছবি
আজ থেকে ফ্রান্সের কান শহরে শুরু হচ্ছে ৬৫তম কান চলচ্চিত্র উত্সব। চলবে ২৭ মে পর্যন্ত। ‘বন্ড’ ছবির ৫০ বছর পূর্তি উপলক্ষে এবারের কান উত্সবে প্রদর্শিত হবে বন্ড সিরিজের পাঁচটি ছবি। ১৯৬২ সালে মুক্তি পেয়েছিল শন কনোরি অভিনীত বন্ড সিরিজের প্রথম ছবি ‘ডক্টর নো’। এবারের কান চলচ্চিত্র উত্সবে এ ছবিটির পাশাপাশি আরও প্রদর্শিত হবে ‘ফ্রম রাশিয়া উইথ লাভ’ (১৯৬৩), ‘অন হার ম্যাজেস্টি’স সিক্রেট সার্ভিস’ (১৯৬৯), ‘ডায়মন্ডস আর ফরএভার’ (১৯৭১) এবং ‘ক্যাসিনো রয়্যাল’ (২০০৬)। কান উত্সবে প্রদর্শনের জন্য ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এ পাঁচটি ছবিরই গুণগত মানের উন্নয়ন ঘটানো হয়েছে। বন্ড ছবিগুলোর প্রদর্শনী হবে কানস বিচে। এক খবরে এমনটিই জানিয়েছে যুক্তরাজ্যের ডেইলি স্টার। এদিকে বন্ড ভক্তদের সুসংবাদ দিয়েছেন এমজিএম এবং সনির কর্তা-ব্যক্তিরা। যৌথ বিবৃতির মাধ্যমে তাঁরা জানিয়েছেন, ‘২০১২ সালের পুরোটা জুড়েই বন্ড ছবির এই ৫০ বছর পূর্তি উদযাপন করা হবে। এর অংশ হিসেবে বন্ড সিরিজের আলোচিত কয়েকটি ছবি বিশ্বের বিভিন্ন দেশের সিনেমা হলে প্রদর্শনের ব্যবস্থা করা হবে।’