কানের অন্য আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রণব ভৌমিক
কান চলচ্চিত্র উৎসব যেমন সিনেমাবোদ্ধা ও প্রেমীদের, তেমনি সাধারণ মানুষেরও কান নিয়ে আগ্রহের কমতি নেই। বিশ্ব চলচ্চিত্রের অন্যতম শ্রেষ্ঠ সভায় সবাই নিজের কাজ নিয়ে হাজির হতে চান। গতকাল ‘চোখ এখন কানের দিকে’ লেখায় ছিল উৎসব কর্তৃপক্ষের আনুষ্ঠানিকভাবে বাছাই করা (অফিশিয়াল সিলেকশন) ছবির কিছু বিভাগের খবর। আজ থাকছে কান উৎসবের আরও কিছু বিভাগের খবর।

কোর্ত মিত্রার্জ ও সিনেফঁদাসিউ
এ দুটিও কানের অফিশিয়াল সিলেকশন বিভাগ। ‘কোর্ত মিত্রার্জ’-এর মানে ছোট দৈর্ঘ্যের ছবি। সারা বিশ্বের উঠতি সম্ভাবনাময় নির্মাতারা এতে ছবি জমা দেন। তা থেকে এবার প্রতিযোগিতার জন্য বাছাই করা হয়েছে ১১টি ছবি। এর মধ্যেই একটি ছবি পাবে ‘পাম দ’র দু কোর্ত মিত্রার্জ’ (সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র) পুরস্কার।
জমা পড়া বাকি ছবিগুলোর মধ্যে বাছাই করা কিছু ছবি থাকবে কানের শর্ট ফিল্ম কর্নারে। নতুন নির্মাতারা এর মাধ্যমে বিশ্বের বড় প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগের একটি সুযোগ পাবেন। এ বছর বাংলাদেশের দুটি ছবি এ বিভাগে স্থান পেয়েছে—জসীম উদ্দিন আহমেদের দাগ ও ইকবাল হোসাইন চৌধুরীর ঢাকা ২.০০।
‘সিনেফঁদাসিউ’ বিভাগে এবারও বরাবরের মতো আছে ১৫টি ছবি। সারা বিশ্বের ফিল্ম স্কুলগুলো থেকে আসা স্বল্প ও মধ্যম দৈর্ঘ্যের ছবিগুলো থেকে এগুলো বাছাই করা হয়।

ডিরেক্টরস’ ফোর্টনাইট
অফিশিয়াল সিলেকশনের ছবিগুলোর দিকে স্বাভাবিকভাবেই মনোযোগ বেশি, কিন্তু আরও কয়েকটি বিভাগে এ উৎসবে ছবি দেখানো হয়। সেখানে কোনো প্রতিযোগিতা নেই, কিন্তু ছবি দেখানোও সম্মানের ব্যাপার। সমান্তরাল শাখার (প্যারালাল সেকশন) মধ্যে একটি বিভাগ হলো ‘ডিরেক্টরস’ ফোর্টনাইট’। ২০০২ সালে প্রয়াত নির্মাতা তারেক মাসুদের মাটির ময়না এ বিভাগে দেখানো হয়েছিল। পরে ছবিটি চলচ্চিত্র সমালোচকদের সংগঠনের দেওয়া ‘ফিপরেসকি’ পুরস্কার পায়। এবার এ বিভাগে ২০টি পূর্ণদৈর্ঘ্য ও ১০টি স্বল্পদৈর্ঘ্য ছবি দেখানো হবে।

সিমেন দু লা ক্রিতিক
সমান্তরাল শাখার এই বিভাগটির আয়োজনে থাকে ফরাসি চলচ্চিত্র সমালোচকদের সংগঠন ফ্রেঞ্চ সিন্ডিকেট অব সিনেমা ক্রিতিক। বের্নার্দো বের্তুলুসি, অং কার-ওয়াই, আলেহান্দ্রো গনসালেস ইনারিতুর মতো বিশ্বখ্যাত নির্মাতারা এ বিভাগেরই আবিষ্কার। ১১টি পূর্ণদৈর্ঘ্য ও ১৩টি স্বল্পদৈর্ঘ্য ছবি এবার এখানে দেখানো হবে। পরিচালকের শুধু প্রথম ও দ্বিতীয় ছবি এ বিভাগে জমা দেওয়া যায়।

মার্শে দু ফিল্ম
কানের অফিশিয়াল ও প্যারালাল সেকশনের বাইরে আরও কিছু অনুষ্ঠান হয়। এর মধ্যে আছে ‘মার্শে দু ফিল্ম’। এ বিভাগটি কান উৎসবের বাণিজ্যিক শাখা। এর অধীনে প্রতিবছর কান উৎসবে নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে এখানে ছবি দেখাতে পারেন। বেশ কয়েক বছর বাংলাদেশের কিছু ছবি এ বিভাগে দেখানো হয়েছিল। চলচ্চিত্রের বৈশ্বিক এ আয়োজনে এ–ও নিঃসন্দেহে বড় ব্যাপার।