
১৯৬১ সালে দ্য স্টোরি অব দ্য ফ্লেমিং ইয়ারস ছবিটি তৈরি করে সেরা নির্মাতার পুরস্কার জিতেছিলেন রাশিয়ার ইউলিয়া সলনৎসেভা। তিনি কান চলচ্চিত্র উৎসবে সেরা নির্মাতার পুরস্কার পাওয়া প্রথম নারী নির্মাতা। অবশেষে ৫৬ বছর পর কান উৎসবের ইতিহাসে যুক্ত হলো নতুন অধ্যায়। এ বছর দ্য বিগাইল্ড ছবির জন্য সোফিয়া কপোলা জিতলেন দ্বিতীয় নারী হিসেবে সেরা নির্মাতার পুরস্কার।
৭০তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামে গত রোববার রাতে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে এবারের মতো শেষ হয় চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে সম্মানজনক এই উৎসবটি।
কান চলচ্চিত্র উৎসবে সোফিয়ার এটা প্রথম জয় হলেও এই উৎসবের সঙ্গে তাঁর সম্পর্কটা কিন্তু নতুন নয়। তাঁর বাবা হলিউড নির্মাতা ফ্রান্সিস ফোর্ড কপোলা দুবার জিতেছেন এই উৎসবের সবচেয়ে বড় সম্মান পাম দ’র (স্বর্ণপাম)। ১৯৭৪ (দ্য কনভারসেশন) ও ১৯৭৯ (অ্যাপোক্যালিপস নাউ) সালে পাম দ’র জিতেছিলেন তিনি। দুবার স্বর্ণপাম জেতা এমন নির্মাতা আছেন মাত্র আটজন। তবে মেয়ে সোফিয়াও কম যান না। সোফিয়া এরই মধ্যে জিতেছেন অস্কার (সেরা মৌলিক চিত্রনাট্য লস্ট ইন ট্রান্সলেশন-এর জন্য) এবং ভেনিস চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ সম্মাননা স্বর্ণসিংহ (সামহোয়ার ছবির জন্য)।
বলে রাখা ভালো, পাম দ’র হলো কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ সম্মাননা। সেটি জিতেছে দ্য স্কয়ার।