কানের এক ঝলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বর্ণ পামের লড়াই
বরাবরের মতো স্বর্ণ পাম দখলের লড়াইয়ে শামিল তামাম দুনিয়ার হেভিওয়েট নির্মাতারা। রোমান পোলানস্কি, জিম জারমুশ, কোয়েন ভ্রাতৃদ্বয় এবং স্টিভেন সোডারবার্গের মতো নির্মাতাদের সঙ্গে যোগ দিয়েছেন ইরানের আসগর ফরহাদি। অ্যা সেপারেশন ছবি দিয়ে ঝড় তুলেছিলেন, অস্কারসহ বিশ্বের প্রথম সারির পুরস্কার আসরে। এবারে স্বর্ণ পামের জন্য লড়বে তাঁর ছবি দ্য পাস্ট। আলোচনায় আছে, রোমান পোলানস্কির ভেনাস ইন ফার, জিম জারমুশের অনলি লাভারস লেফট এলাইভ। সোডারবার্গের বিহাইন্ড দ্য ক্যান্ডেলেবরা, ইথান ও জোয়েল কোয়েনের ইনসাইড লেন ডেভিস। সব মিলিয়ে স্বর্ণ পামের লড়াই এবার চলছে জমজমাট। তবে সামনের সারির এই নির্মাতাদের টপকে স্বর্ণ পাম নিজের করে নিতে পারেন অপেক্ষাকৃত নতুন কেউও। সত্যি বলতে কি, কান চলচ্চিত্র উৎসবে এমন চমক বিচিত্র নয়।

বিচারক-কথা
কানের মতো চলচ্চিত্র উৎসবে সৌন্দর্য আর জৌলুশের ছড়াছড়ি হবে, এই তো স্বাভাবিক। তবে ধারেকাছের উৎসবগুলোকে টেক্কা দিতে কান আয়োজকেরা এবারও ‘গ্ল্যামার’ যোগ করতে ভোলেননি বিচারকদের সারিতে। স্টিভেন স্পিলবার্গের মতো মহারথী আছেন প্রেসিডেন্টের আসনে। সঙ্গে আছেন বলিউডের বিদ্যা বালান এবং হলিউডের নিকোল কিডম্যান। আছেন লাইফ অব পাই-এর নির্মাতা অ্যাং লি, অভিনেতা ক্রিস্টফ ওয়াল্টজ, অভিনেতা-নির্মাতা ড্যানিয়েল অতেল, রুমানিয়ার নির্মাতা ক্রিশ্চিয়ান মুঙ্গিয়ু, জাপানের নওমি কাওয়াসি এবং যুক্তরাজ্যের লিন রামসে।

লালগালিচা
কান উৎসবের লালগালিচায় কে সবচেয়ে বেশি আকর্ষণীয়? এমন একটা প্রতিযোগিতারও আয়োজন হয়ে গেছে এর মধ্যে। পাঠকের ভোটে কে হলেন লালগালিচার সেরা আকর্ষণ, সেটা জানা যাবে পরে, তার আগে আপনিই দেখে নিন কান উৎসবের লালগালিচার একটু ঝলক।

l ইকবাল হোসাইন চৌধুরী

সূত্র: কানের অফিশিয়াল ওয়েবসাইট, গার্ডিয়ান অনলাইন এবং অন্যান্য।