কানের না-বলা কথা
>২২ মে শেষ হলো বিশ্ব চলচ্চিত্রের মহামিলনমেলা ৬৯তম কান চলচ্চিত্র উৎসব। কান থেকে ফিরে এবারের আসরের কিছু ‘না-বলা’ অভিজ্ঞতা লিখেছেন ইকবাল হোসাইন চৌধুরী

ফসকে গেলেন ঐশ্বরিয়া ধরা দিলেন সোনম
প্রেস অফিসের বারান্দা থেকে তাকিয়ে দেখছি লালগালিচায় উঠে গেছেন ঐশ্বরিয়া। তার মানে এখনই মোক্ষম সময় তাঁর কাছাকাছি যাওয়ার। এক ছুটে এসে দাঁড়িয়েছি পালে দো ফাস্তিভালের উল্টো পাশে সেই বিশেষ জায়গাটায়। খুব ভালো জানি, লালগালিচায় হাঁটলেও পুরো সিনেমা দেখবেন না বচ্চন-বধূ। অপেক্ষমাণ সইশিকারি আর আলোকচিত্রীদের মধ্যে কানাঘুষা চলছে।
‘তোমার কি মনে হয়? ঐশ্বরিয়া এই পথে আসবে?’ জিজ্ঞেস করলাম পাশের এক শ্বেতাঙ্গ পাপারাজ্জিকে। সে বলল, ‘সম্ভাবনা ৫০ ভাগ।’ ৫০ ভাগ সম্ভাবনা কাজে লাগল না। ৩০ মিনিট অপেক্ষার পর খবর মিলল অন্য পথে বেরিয়ে গেছেন ঐশ্বরিয়া।
মে মাসের মাঝামাঝি সেদিন ঐশ্বরিয়া রাই ফসকে গেলেন অল্পের জন্য। পরদিন আবারও তক্কে তক্কে। এবারে ঘুরপথে অন্য জায়গায়। এখানেও ফটোগ্রাফারদের ব্যাপক ভিড়। যথারীতি তাঁরাও আশাবাদী। সোনম কি আসবেন? ১৫ মিনিট গেল উসখুস করতে করতে। এদিকে সালে দিবুসিতে সিনেমা শুরুর সময় হয়ে যাচ্ছে। মনে মনে রাগ হচ্ছে কান উৎসবের কর্তাদের ওপর। কেন যে ভারতীয় ছবির দিকে আরেকটু সুনজর দেন না তাঁরা। ঐশ্বরিয়ার সর্বজিত কিংবা সোনমের একটা ছবি অফিশিয়াল সিলেকশন রাখলেই তো তাঁদের দেখা পাওয়াটা সহজ হয়ে যায়।
‘শি ইজ কামিং’ পাশ থেকে কারও একজনের কথায় চমক ভাঙল। হ্যাঁ সোনম কাপুরই! যতটা ভেবেছিলাম তার চেয়ে লম্বা কাপুর পরিবারের মেয়েটা। হাসলে আরও ভালো দেখায়। ইয়া লম্বা গাউন সামলে আস্তে ধীরে হাঁটছেন। আমরা হাত নাড়লাম, ‘হ্যালো, সোনম।’ জবাবে সোনমও হাসলেন। এগিয়ে এসে পাশের একজনকে অটোগ্রাফ দিলেন। আর আমি দ্বন্দ্বে পড়ে গেছি তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করব নাকি ভিডিওটা আগে করব। অটোগ্রাফ প্রদান পর্ব শেষে সোনম ঝাঁ চকচকে গাড়িতে উঠলেন। শেষমেশ ভিডিওটা ভালো মিলল। কিন্তু খুব কাছে পেয়েও লেখার মতো কিছু বলা হলো না সোনমকে।


সেই নগ্ন পদযাত্রা!
উঁচু হিল জিনিসটার প্রতি বিশেষ দুর্বলতা সব অভিনেত্রীর। কানের লালগালিচায় নাকি হিল ছাড়া মেয়েদের পা রাখা নিষেধ। দুই নারীকে শুধু পায়ে হিল না থাকায় লালগালিচা থেকে ফিরিয়ে দিয়েছিলেন কান উৎসবের দুই নিরাপত্তাকর্মী। বটে, আর যায় কোথা! তেড়েফুঁড়ে এসেছিলেন নারী অধিকারকর্মী আর সচেতন মানুষজন। শেষতক ক্ষমা চেয়ে পার পেয়েছেন উৎসবের কর্তারা। জুলিয়া রবার্টস এই হিলের ব্যাপারটা ভুলে যাননি। সে কারণে উৎসবের লালগালিচায় এসেই তাঁর অভিনব প্রতিবাদ। হিল-জুতা ফেলে যাকে বলে নগ্ন পদযাত্রা। উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেম কি একটু নড়েচড়ে বসলেন? যাহোক জুলিয়া রবার্টসের মানি মনস্টার ছবিটা এবার মোটেও জমেনি। কিন্তু তাঁর নগ্নপদ প্রতিবাদ যাকে বলে ধুন্ধুমার হিট!

জর্জ মিলার যেমন
এবারের কান চলচ্চিত্র উৎসবে বিচারকদের প্রেসিডেন্ট তিনি। সাদা চুল, চোখে স্টাইলিশ চশমা। মুখে আত্মবিশ্বাসী হাসি। ছোটখাটো মানুষটা যখন পাশ দিয়ে হেঁটে যান তাঁকে দেখে কে বলবে ম্যাড ম্যাক্স ফিউরি রোড-এর মতো মারদাঙ্গা ছবির নির্মাতা এই মানুষটাই। অস্ট্রেলিয়ার নির্মাতা জর্জ মিলারকে কাছ থেকে দেখার সুযোগ মিলেছিল উৎসবের শেষ দিনে। স্বর্ণ পাম তুলে দেওয়ার আসরে ছিলেন মধ্যমণি। সেটা শেষ করেই এসেছিলেন সংবাদ সম্মেলনে। সেখানেও যথারীতি মিতভাষী আর দারুণ আত্মবিশ্বাসী জর্জ। সাংবাদিকদের নানা কড়া সমালোচনাও সামলেছেন খুব ঠান্ডা মাথায়। নিজে বলেছেন কম। বেশির ভাগ ক্ষেত্রেই সুযোগ দিয়েছেন পাশে বসা অন্য বিচারক ডোনাল্ড সাদারল্যান্ড, ক্রিস্টেন ডান্সট বা লাজলো নেমেসকে। বিবিধ খোঁচাখুঁচির জবাবে সাফ বলে দিয়েছেন, ‘আমরা ঠান্ডা মাথায় শুধু আমাদের কাজটা করেছি। আমি চেয়েছি যেন অন্য সব বিচারক (প্রতিযোগিতা বিভাগের) মন খুলে নিজের কথাটা বলেন। কোনো কথাই আমরা ঊহ্য রাখিনি।’
এমন না হলে কানের বিচারকদের প্রেসিডেন্ট!