
দূরে কোথাও ঘুঘু ডাকছে। সাগরপারের এই এলাকায় গাঙচিলদেরই রাজত্ব। ঢাউস গাঙচিলের দল সাগরে উড়ে যায়। আবার সাঁই করে ফিরে এসে বসে রাস্তার পাশের ল্যাম্পপোস্টের মাথায়। নির্ভীক পায়চারি করে ফুটপাতে। গলা উঁচিয়ে বেসুরো ডাকে। গাঙচিলদের এই তল্লাটে ঘুঘু পাখিটা যেন ‘হংস মাঝে বক যথা’। বিষণ্ন গলায় ডেকে যাচ্ছে একটানা। সে বিষণ্নতা ছায়া ফেলেছে চারপাশে।
তাড়াহুড়োয় ছুটতে থাকা সাংবাদিকদের কোনো ভিড় নেই। নিরাপত্তাকর্মী আর নীল সাদা পুলিশের হাঁকডাক নেই। গ্রাঁ তিয়েত্রে লুমিয়েরের সামনের লাল গালিচা শূন্য। লাল গালিচার অদূরে তারকা-সন্ধানীরাও ভোজবাজির মতো উধাও। ৬৮তম বারের মতো বিদায় নিয়েছে দরিয়াপারের মহা মিলনমেলা। সব উত্তেজনা ফুরানোর পরদিন ২৫ মে সকালবেলা পালে দো ফাস্তিভালের সামনে দিয়ে ফিরছি। ভাবছি, এই ১২ দিনের এত বিচিত্র আয়োজনের মূল নায়ক শেষ পর্যন্ত কারা? চলুন, আরেকবার পরিচিত হই এবারের কান চলচ্চিত্র উৎসবের সামনের সারির কয়েকজন নায়কের সঙ্গে।

শেষবেলার নায়ক
চকচকে ন্যাড়া মাথা। চোখে কালো সানগ্লাস। জাক অদিয়ার নামের মানুষটাকে ঘিরে উৎসবে সবার খুব আগ্রহ ছিল এমন নয়। উৎসবের শেষভাগে তাঁর আগমন নিয়ে সরব দেখা গেছে খুব কম লোককেই। তাঁর ছবি ধীপান নিয়ে যতটা না আলোচনা ছিল, তার চেয়ে বরং ছিল এক কালের তামিল গেরিলা অ্যান্থনি তাসানকে ঘিরেই। কিন্তু চূড়ান্ত ফয়সালার দিনে স্বর্ণপাম বা পাম দ্য হাতে তুলে নিয়ে জাক অদিয়ারই হয়ে উঠলেন ৬৮তম কান চলচ্চিত্র উৎসবের সবচেয়ে বড় নায়ক। নিজেদের মাটিতে আবারও ফ্রান্সের বিজয়ের পতাকা উড়ল তাঁর বাহাদুরিতেই।
পুরস্কার ঘোষণার পরপরই ছিল বিজয়ীদের সংবাদ সম্মেলন। সর্বশেষ আকর্ষণ হিসেবে স্বর্ণপাম হাতে নিয়ে জাক অদিয়ার যখন ২৪ মে সংবাদ সম্মেলনে এলেন, বাংলাদেশে তখন ভোররাত। জাক অদিয়ারের সঙ্গে ছিলেন তাঁর ছবির তিন প্রধান অভিনয়শিল্পী। বাঁধভাঙা উচ্ছ্বাসে ভেসে যাননি জাক। সাংবাদিকেরা সামনে পেয়ে একের পর এক প্রশ্ন করে যাচ্ছিলেন। জাক বারবার সামনে ঠেলে দিচ্ছিলেন তাঁর ছবির তিন অভিনয়শিল্পীকে।
তিনি উচ্ছ্বসিত হোন বা না হোন, রিড মাই লিপস বা আ প্রফেট -এর মতো ছবির কারণে দুনিয়া তাঁকে চিনত। এবার ধীপান -এর অসামান্য সাফল্য তাঁর জায়গা আরও পোক্ত করে দিল বিশ্বসিনেমার আঙিনায়।

নারীশক্তি
অভিনেত্রী ও নির্মাতা—দুই রূপেই এবার ইমানুয়েল বারকোকে আবিষ্কার করল ৬৮তম কান চলচ্চিত্র উৎসব। উদ্বোধনী ছবি লা তেৎ অত দিয়ে নির্মাতা হিসেবে শুরু থেকে তিনি ছিলেন আলোচনার পুরোভাগে।
২৪ মে গ্রাঁ তিয়েত্রে লুমিয়েরে শত তারকার উপস্থিতিতে সরাসরি দেখছিলাম মূল পুরস্কার অনুষ্ঠান। ইমানুয়েল সেখানেও উজ্জ্বল। নির্মাতা নয়, অভিনেত্রী হিসেবে। মন রই ছবিতে অভিনয়ের জন্য রুনি মারার সঙ্গে যৌথভাবে পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। রুনি পুরস্কার অনুষ্ঠানে ছিলেন না। ইমানুয়েল পুরস্কারটা নিয়েছেন নিজের হাতেই।

এশিয়ার নায়ক
টানা সাত বছর পর ছবি তৈরির কাজে হাত দিয়েছেন। অথচ কেল্লা ফতে। স্বর্ণপাম পাননি, কিন্তু তাইওয়ানের পরিচালক হ্যে সিয়াও সিয়েন বুঝিয়ে দিয়েছেন এশিয়ার সেরাদের তালিকায় তাঁর নামটা কেন থেকে যাবে। অ্যাসাসিন ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন তিনি।মাতৃভাষার বাইরে একটি বর্ণও বলবেন না, এ পণ করেই পুরস্কার জয়ের অনুভূতি জানাতে এসেছিলেন দুজন অনুবাদককে সঙ্গে নিয়ে। কিন্তু তাঁদের আর বিশেষ প্রয়োজন হয়নি। আহ্লাদে আটখানা চীনা চেহারার সাংবাদিকেরা মুক্তকচ্ছ হয়ে তাঁকে প্রশ্ন করেছেন। তাঁদের দৌরাত্ম্যে অন্য সাংবাদিকেরা এই নির্মাতাকে কোনো প্রশ্ন করারই সুযোগ পাননি।
হাঙ্গেরির গর্ব
যিনি আলোড়ন তোলার, তিনি প্রথমবারেই তোলেন। কথাটি শতভাগ সত্যি হলো হাঙ্গেরির লাসলো নেমেসের বেলায়। ১৯৪৪ সালের নাৎসি নির্যাতন শিবিরের গল্প নিয়ে লাসলো তৈরি করেছেন তাঁর প্রথম কাহিনিচিত্র সাউল ফিয়া। এই প্রথম ছবিতেই তাঁকে নিয়ে হুলুস্থুল। দ্বিতীয় সম্মানজনক পুরস্কার গ্রাঁ প্রি পেয়ে গেলেন তিনি।
লাসলো নেমেস স্মরণ করিয়ে দিলেন হাঙ্গেরির উন্নত সিনেমা-ঐতিহ্যের কথা। ‘অনেকেই হয়তো ভুলে গেছেন সে সময়ে হাঙ্গেরির মানুষের ওপর কী ভয়াবহ নৃশংসতা হয়েছিল। আমার এই ছবি হাঙ্গেরির সিনেমা-শিল্পের জন্য কী করতে পারবে জানি না। তবে এটা আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা।’ পুরস্কার জয়ের পর সংবাদ সম্মেলনে বলেছেন এই নির্মাতা। ব্যতিক্রমী দৃশ্যায়ন কৌশল আর ধ্বনিবিন্যাস সাউল ফিয়ার সম্পদ। ক্যামেরা সেখানে বড় একটা সময়জুড়ে নির্যাতন শিবিরের সংকীর্ণ করিডরে ঘোরাঘুরি করে। শিবিরের ভয়াবহতা প্রকট করে তোলে শব্দের সুচারু প্রয়োগ।