কানের লা'অ্যাটেলিয়ারে আমন্ত্রিত কামার
বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা কামার আহমাদ সাইমন আমন্ত্রণ পেয়েছেন কানের লা’অ্যাটেলিয়ার থেকে। লা’অ্যাটেলিয়ারের ১৩তম আয়োজনে তাঁর পাশাপাশি আরও আমন্ত্রণ পেয়েছেন বিশ্বের ১৫ জন নির্মাতা। প্রতিবছর এ বিভাগে বিভিন্ন দেশের প্রতিষ্ঠিত ও নবীন/তরুণ নির্মাতাদের আমন্ত্রণ জানানো হয়। আজ সন্ধ্যায় কান চলচ্চিত্র উৎসবের ওয়েবসাইট থেকে এ খবরটি জানা যায়।
কানের লা’অ্যাটেলিয়ারে এ বছর নির্বাচিত হয়েছে ১৫টি ছবির চিত্রনাট্য। এর মধ্যে কামার আহমাদ সাইমনের ‘ডে আফটার টুমোরো’-এর নাম রয়েছে। সন্ধ্যায় কান চলচ্চিত্র উৎসবের ফেসবুক পেজেও এ তথ্য প্রকাশ করা হয়। বিভিন্ন দেশের ১৫ জন নির্মাতার সঙ্গে কামারের ছবিসহ সেই পোস্টে লেখা হয়, ‘নবীন পরিচালক থেকে শুরু করে প্রতিষ্ঠিত নির্মাতা, দক্ষিণ আফ্রিকা থেকে মঙ্গোলিয়া কিংবা মেক্সিকো, ১৪টি দেশের ১৫টি প্রকল্প #কান২০১৭-তে উপস্থাপন করা হবে।’
বিষয়টি নিয়ে কথা হয় নির্মাতা কামারের সঙ্গে। তিনিও নিশ্চিত করেন লা’অ্যাটেলিয়ার থেকে আমন্ত্রণ পাওয়ার বিষয়টি।
ল্যা’অ্যাটেলিয়ারে বাংলাদেশ ছাড়াও এ বছর নির্বাচিত হয়েছে যুক্তরাজ্য, ডেনমার্ক, চীনের মতো বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ কিছু চিত্রনাট্য। কান উৎসবের ওয়েবসাইটে এই নির্বাচিত নির্মাতাদের চিত্রনাট্যগুলোকে বলা হয়েছে গুরুত্বপূর্ণ ও প্রতিশ্রুতিশীল কাজ।