কানের 'শর্টফিল্ম কর্নার'-এ 'ঢাকা ২.০০'

ইকবাল হোসাইন চৌধুরী নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ঢাকা ২.০০ কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘শর্টফিল্ম কর্নার’ বিভাগে জমা পড়েছে। ঢাকা ২.০০ একটি এক্সপেরিমেন্টাল সাইকো থ্রিলার ছবি। এটি এখন কানের ফেস্টিভ্যাল লাইব্রেরিতে যুক্ত হয়েছে। ২২ থেকে ২৮ মের মধ্যে যেকোনো দিন ফ্রান্সের কান শহরের ‘পালা দো ফাস্তিভালে’ ছবিটির প্রদর্শনী করতে পারেন নির্মাতা।
নির্মাতা জানান, ঢাকা ২.০০ চলচ্চিত্রে অভিনয় করেছেন ফ্যাশন ডিজাইনার বাহার রহমান। চার মিনিটের চলচ্চিত্রটি নির্মিত হয়েছে ঢাকাকে কেন্দ্র করে।
উল্লেখ্য, এই বিভাগে জমা পড়া ছবিগুলোর মধ্য থেকে পাঁচ থেকে আটটি স্বল্পদৈর্ঘ্য ছবি জায়গা পাবে কানের মূল প্রতিযোগিতা বিভাগে। মূল প্রতিযোগিতা বিভাগে লড়াই করা একটি ছবি পাবে পাম দর পুরস্কার। সেই ছবিগুলোর নাম চূড়ান্ত হবে খুব তাড়াতাড়ি। এই একই বিভাগে কিছুদিন আগে জমা পড়েছিল দাগ নামে বাংলাদেশের আরেকটি স্বল্পদৈর্ঘ্য ছবি।