কান্না পাচ্ছে নুহাশের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ‌ুমায়ূন আহমেদের কোলে নিষাদ, পাশে নুহাশ হ‌ুমায়ূন
হ‌ুমায়ূন আহমেদের কোলে নিষাদ, পাশে নুহাশ হ‌ুমায়ূন

আজ ১৩ নভেম্বর গুগলে গিয়ে চমকে যান হ‌ুমায়ূন আহমেদের ছেলে নুহাশ হ‌ুমায়ূন। বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে বিশেষ ডুডল প্রদর্শন করছে গুগল। আর তা দেখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘অসাধারণ! আমার কান্না চলে আসছে।’

বাংলাদেশ থেকে ইন্টারনেটের মাধ্যমে গুগলে (www.google.com) গেলে কিংবা সরাসরি (www.google.com.bd) ঠিকানায় ঢুকলেই চোখে পড়ছে বিশেষ ডুডলটি। এতে দেখা যাচ্ছে, চায়ের টেবিলে বই হাতে বসে আছেন হ‌ুমায়ূন আহমেদ। তাঁর তৈরি জনপ্রিয় চরিত্র হিমু হলুদ পাঞ্জাবি পরে খালি পায়ে হেঁটে যাচ্ছে। আর চারপাশে প্রকৃতির আবহ দিয়ে সাজানো হয়েছে ইংরেজি গুগল লেখাটি।

হ‌ুমায়ূন আহমেদকে নিয়ে গুগলের তৈরি ডুডল
হ‌ুমায়ূন আহমেদকে নিয়ে গুগলের তৈরি ডুডল

হ‌ুমায়ূন আহমেদের জন্ম নেত্রকোনার কুতুবপুরে, ১৯৪৮ সালের ১৩ নভেম্বর। বাবা ফয়জুর রহমান আহমেদ ছিলেন পুলিশ কর্মকর্তা। তিনি মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে শহীদ হন। মায়ের নাম আয়েশা ফয়েজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের মেধাবী ছাত্র হ‌ুমায়ূন আহমেদ পাঠ শেষে ওই বিভাগেই প্রভাষক হিসেবে যোগ দেন। একপর্যায়ে তিনি অধ্যাপনা ছেড়ে লেখালেখি, নাটক ও চলচ্চিত্র নির্মাণে যুক্ত হন। হ‌ুমায়ূন আহমেদ একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কারসহ দেশে-বিদেশে বিভিন্ন পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। তিনি কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯ জুলাই নিউইয়র্কে ইন্তেকাল করেন।

১৯৭২ সালে প্রকাশিত প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ দিয়েই হ‌ুমায়ূন আহমেদ কথাসাহিত্যে পালাবদলের তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দিয়েছিলেন। এরপর একের পর এক উপন্যাসে পাঠকের কাছে নন্দিত হয়ে উঠেছেন অভূতপূর্ব জনপ্রিয়তা নিয়ে। আমৃত্যু সেই জনপ্রিয়তার স্রোতে ভাটার টান পড়েনি।