
আমি সংগীতশিল্পী। তবে শট এনজি হয়ে যাওয়ার ঘটনা আমার ঝুলিতেও কম নেই। কবে যে প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম, আজ আর হিসাব কষে বলতে পারব না, সম্ভবত ছোটবেলাতেই। যত দূর মনে পড়ে, ক্যামেরার সামনে সব সময় সাবলীলই থেকেছি। একসময় নাটকে অভিনয় করতাম, সেই সূত্রেও এনজি শটের সঙ্গে চিন-পরিচয় আছে বেশ। পরে যখন আমার গানের মিউজিক ভিডিও তৈরি করলাম এবং গানের সঙ্গে সঙ্গে সেখানে অভিনয়ও করতে হলো, তখন এনজি শটের যে মচ্ছব দেখেছি, তার কোনো লেখাজোখা নেই।
আচ্ছা, এত ভূমিকা করে লাভ কী! এখন আসল কথা বলি। যে ঘটনাটি বলব, সেটি ঠিক এনজি শট নয়, তবে এ ঘটনার সঙ্গে জড়িয়ে আছে আমার আহত হওয়ার কাহিনি। কীভাবে সেটা?
২০০৬-০৭ সালের ঘটনা। শহীদুজ্জামান সেলিমের নকল পোশাক নাটকে অভিনয় করছিলাম। আমার সহ-অভিনয়শিল্পী তারিন। নাটকে এমন একটি দৃশ্য ছিল, যেখানে তারিন আপা আমার গালে কষে চড় বসাবেন, আমি চড় খাব। সবই হবে নিছক অভিনয়।
ক্যামেরা প্রস্তুত, প্রস্তুত পরিচালকও। এদিকে আমিও মহা-আনন্দে চড় খাওয়ার জন্য ব্যাকুল। দৃশ্য ধারণ শুরু হলো। তারিন আপা আমাকে চড় মারলেন। আমার মুখে বসে গেল চড়টি। পরিচালক খুব খুশি—একবারে ‘ওকে’ হয়েছে শট। কিন্তু ততক্ষণে আমার নাক দিয়ে গলগল করে রক্ত ঝরছে!
আসল ঘটনা হলো, অভিনয়ের প্রতি তারিন আপা এতই মনোযোগী ছিলেন যে সত্যি সত্যিই তিনি চড় মারলেন এবং তাঁর সেই বিরাশি শিক্কা ওজনের চড়ের কারণে রক্তারক্তি ঘটল।
এনজি শটের কথা মনে হলে কেন যেন আমার এ ঘটনাটি মনে হয়।
এবার বলব এনজি শটের গল্প। আমার সিম্পল কনা অ্যালবামের ‘ভুল’ গানটির মিউজিক ভিডিওর শুটিং হচ্ছে উত্তরায়। পরিচালক শুভব্রত সরকার। পরিচালক বললেন, এই গানের একটি দৃশ্য এমন থাকবে, যেখানে হু হু করে কাঁদবেন আপনি। যেই কথা সেই কাজ। আমি ভাবছি, কাঁদতে হবে—এ আর এমন কী!
পরিচালক ক্যামেরা নিয়ে প্রস্তুত। ওদিকে আমি যতবারই কাঁদতে যাই, খুব হাসি পেয়ে যায় আমার। একবার নয়, অনেকবার। ফলে শট ক্রমাগত এনজি হচ্ছে। কান্নার বদলে ঠিক উল্টোটা—হাসি; কাহাতক সহ্য হয় বলুন।
শেষে পণ করলাম, যা হয় হোক, আর হাসব না।
তবে হাসি কি আমাকে ছাড়ে! আরেকবারও এনজি হলো শট। মজার বিষয় হলো, কান্নার দৃশ্যে আমার হাসির ঘটনায় পরিচালকসহ অন্যরাও হাসছিলেন।
অবশেষে বহু সাধ্য সাধনার পর ‘ওকে’ হয়েছিল ওই শটটি। আগেই তো বলেছি, এ রকম এনজি শটের ঘটনা বিস্তর। সব বলতে গেলে রাত ফুরিয়ে দিন চলে আসবে। তাই আপাতত সেদিকে না যাওয়ায় ভালো, কী বলেন?
অনুলিখন: আলতাফ শাহনেওয়াজ