কাপুর নয় সিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছর আগের কথা। সোজা বাংলায় ‘বেকার’ পদবি নিয়ে ভালোই দিন কাটাচ্ছিলেন রণবীর। হাতে কাজ না থাকুক, বন্ধুবান্ধবদের নিয়ে হই-হুল্লোড়-মাস্তি করে দিন কখন যে কেটে যেত, টেরই পেতেন না তিনি। একদিন এভাবেই মুম্বাইয়ের মাঝরাস্তায় বন্ধুদের নিয়ে লম্ফঝম্ফ চলছিল। ভাগ্যের চাকা বুঝি এভাবেই ঘোরে! ট্রাফিক জ্যামে বসে সেই লম্ফঝম্ফই মনে ধরে যায় বলিউডের অন্যতম ক্ষমতাধর যশ রাজ ফিল্মসের আদিত্য চোপড়ার। তাঁর সহকারীদের সহযোগিতায় রণবীরের নম্বরও জোগাড় হয়ে যায়। কিন্তু রণবীরকে পাওয়া আর আকাশের চাঁদ হাতে পাওয়া যেন সমান হয়ে দাঁড়িয়েছিল। কাস্টিং ডিরেক্টর হাজার চেষ্টা করেও রণবীরকে ফোনে ধরতে পারেননি। বান্ধবীদের সঙ্গে ‘ডেট’-এর গুরুত্বপূর্ণ (!) সময়ে ফোন চালু রাখার দরকারটাই বা কী—রণবীরের সোজা-সাপ্টা কৈফিয়ত। স্বাভাবিকভাবেই ব্যস্ত প্রযোজক আদিত্য চোপড়া এবং তাঁর দল ব্যান্ড বাজা বারাত ছবির জন্য অন্য অভিনেতা চূড়ান্ত করে ফেলেন। কিন্তু ‘ভাগ্য’ বুঝি রণবীরের পক্ষেরই সদস্য! ৪২টা কল দেখে বিস্মিত রণবীর চটজলদি ফোন করেন কাস্টিং ডিরেক্টরকে। জানতে পারেন, আদিত্য চোপড়ার রণবীরকে মনে ধরার, অতঃপর বিরক্ত হওয়ার ইতিহাস। ছোটবেলা থেকে বরাবরই অভিনেতা হতে চেয়েছিলেন তিনি। কিন্তু তিনি যে খান, কাপুর কিংবা খান্না নন, বাপ-দাদা চৌদ্দগোষ্ঠীর কেউই বলিউডের অলি-গলিতে পা মাড়াননি, স্বাভাবিকভাবেই বলিউড ছিল রণবীরের কাছে অধরা। সেই বলিউডের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির মনে ধরেছে রণবীরকে! এ-ও কি সম্ভব? ঘণ্টাখানেক অনুনয়-বিনয়ের ফলে একদিন ১৫ মিনিটের অডিশনের সুযোগ পান মিস্টার সিং। কিন্তু এখানেও যেন ভাগ্য নতুন চিত্রনাট্য লিখে রাখে! দূর থেকে রণবীর সিংকে সবার সুদর্শন মনে হলেও অডিশনের পর রণবীরের চেহারা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান সবাই। ব্যান্ড বাজা বারাত ছবির বিট্টু শর্মা চরিত্রের জন্য সুদর্শন অভিনেতা প্রয়োজন, রণবীরকে সুদর্শন মনে করেননি কেউই। স্বপ্ন ভেঙে খান খান হয়ে যায়। কিন্তু ভাগ্য যে রণবীরের পক্ষে! অনেক রকম ‘খেল’ দেখানোর পর ঠিকই আবারও যশ রাজ স্টুডিওতে ডাক পড়ে তাঁর। জানতে পারেন, রণবীরের সহজ-স্বাভাবিক স্বতঃস্ফূর্ত অভিনয়কে কিছুতেই মন থেকে সরাতে পারছেন না আদিত্য চোপড়া এবং নতুন পরিচালক মনীষ শর্মা। টানা দুই সপ্তাহ রণবীরকে নিয়ে নানান রকম খেলা চলে। কেউ নাচতে বলেন, কেউ হাসির দৃশ্যের সংলাপ ধরিয়ে দেন, কেউ বা আবার আবেগপ্রবণ হওয়ার নির্দেশ দেন, কারও আবদার প্রেমের অভিনয় করা হোক। চেহারার পরীক্ষায় রণবীর এবারও ডাহা ফেল, তবে তাঁর স্বতঃস্ফূর্ত অভিনয়ের জীবনীশক্তি ছাপিয়ে যায় সবকিছু। শুধু ব্যান্ড বাজা বারাত-ই নয়, আদিত্য চোপড়া মোট তিনটি ছবির চুক্তি করে ফেলেন রণবীর সিংয়ের সঙ্গে। ভাগ্য এক মাস এতটাই মনোপলি খেলেছে, রণবীর নিজের কানকে বিশ্বাস করতে পারেননি। কিন্তু যখন বিশ্বাস করেছেন, নিজেকে আর নিয়ন্ত্রণ করা যায়নি। হু হু করে কেঁদে ফেলেন। মন থেকে আন্তরিকভাবে চাইলে, ধৈর্যসহ লেগে থাকলে যে কেউই সফল হতে পারে—রণবীর যেন তা আবার প্রমাণ করলেন। তিন বছর বয়সে এক পার্টিতে স্বয়ং দাদি রণবীরকে নাচার অনুরোধ করেন। অতিথিদের সামনে হাত-পা ছুড়ে রণবীরের সে সময় কোনো নাচই হয়নি ঠিক, তবে এটা বুঝে গিয়েছিলেন আত্মবিশ্বাসের সঙ্গে, প্রাণশক্তি উজাড় করে দিলে দর্শক ফিরে তাকাবেই। বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে দুর্ঘটনাবশতই ‘অভিনয় কোর্স’কে আপন করে নিতে হয়। কারণ, অন্য কোর্সে ততক্ষণে আসন পূর্ণ হয়ে গিয়েছিল। প্রথম দিনের ক্লাসেই অভিনয় করে শিক্ষকের নজরে পড়ে যান তিনি। একটা সময় বলিউডে সুযোগের আশায় কিশোর নামিত কাপুরের বিখ্যাত স্কুলেও আসা-যাওয়া করেন। তবে ওই আসা-যাওয়ার মধ্যেই। বলিউডের জনপ্রিয় প্রায় সব তারকা সে স্কুলের ছাত্র হলেও রণবীর মনে করেন, ওই স্কুলে এখনো মেলোড্রামাটিক অভিনয়ের জন্য হাততালি বরাদ্দ। স্বতঃস্ফূর্ত সময়োপযোগী অভিনয়ের কদর নেই সেখানে। নির্মাতা, প্রযোজকদের দ্বারে দ্বারে ঘুরেও কাজ হয়নি। ঋষি কাপুরতনয় রণবীর কাপুরের প্রথম ছবি ফ্লপ হতে পারে, কিন্তু অচেনা-অজানা ‘ডার্ক হর্স’ রণবীর সিংয়ের প্রথম ছবি ব্যান্ড বাজা বারাত সুপারহিট ব্যবসা করে। স্বয়ং রাজকুমার হিরানী, করণ জোহর, অনুরাগ কশ্যাপ ফোন করেন নবাগত এই অভিনেতাকে। শাহরুখ খান তো কয়েক ধাপ এগিয়ে বলেন, তাঁর পরে বলিউডে একমাত্র সুপারস্টার হওয়ার যোগ্যতা রাখেন রণবীর সিং। কারণ, রণবীরও শাহরুখের মতো নন-ফিল্মি ব্যাকগ্রাউন্ড থেকে, শুধু মেধার কল্যাণে সুযোগ পেয়েছেন। ছবি হিট, সব কটি অনুষ্ঠানে সেরা নতুন অভিনেতার পুরস্কার, স্বাভাবিকভাবেই রণবীরের বাড়িতে প্রযোজকদের লাইন পড়েছে। পত্রিকার পাতায় পাতায় নায়িকা আনুশকা শর্মার সঙ্গে প্রেমের গল্প, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অল্পস্বল্প নাচ-উপস্থাপনা—সবই পাল্লা দিয়ে চলছে। সেই সঙ্গে চলছে যশ রাজ-মনীষ শর্মা-আনুশকার সঙ্গে পরের ছবি লেডিস ভার্সেস রিকি ভেল-এর প্রস্তুতি। এককথায় বলা যায়, রণবীর সিং চলে এসেছেন আর ঘুম হারাম করেছেন অনেক রথী-মহারথীর। রুম্মান রশীদ খান, সূত্র: ওয়েবসাইট