
কয়েক দশক আগেও উত্তর ও মধ্য ভারতের মতো কলকাতার অলিগলিতে কাবুলিওয়ালাদের দেখা মিলত। ১৮৪০-এর দিকে আফগানিস্তান থেকে ভারতে প্রথম আসতে থাকে তারা। ‘কাবুলিওয়ালা’ গল্পটি রবীন্দ্রনাথ লিখলেন ১৮৯২ সালে। ছোট্ট মিনি আর রহমত কাবুলিওয়ালার সে গল্প কে না পড়েছে! সেখান থেকেই মোস্কা নাজিব ও নাজেস আফরোজের কৌতূহল জাগে, কলকাতার সেই কাবুলিওয়ালারা এখন কোথায়? কেমন আছেন তাঁরা? তাই বছর তিনেক আগে ক্যামেরা হাতে বেরিয়ে পড়েন তাঁরা। কলকাতায় কাবুলিওয়ালাদের খুঁজেও পান। তুলে ফেলেন প্রায় ২ হাজার ৫০০টি ছবি।
গ্যেটে ইনস্টিটিউটের উদ্যোগে তাঁদের তোলা সেই সব ছবি থেকে ৫০টি ছবি নিয়ে প্রদর্শনী শুরু হয়েছে ধানমন্ডির দৃক গ্যালারিতে। প্রদর্শনীর শিরোনাম ‘ফ্রম কাবুল টু কলকাতা: অব বিলঙ্গিং, মেমোরিজ অ্যান্ড আইডেনটিটি’। চলবে ৬ মে পর্যন্ত, প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত। এর আগে এ প্রদর্শনী হয়েছে কাবুল বিশ্ববিদ্যালয় (আফগানিস্তান) ও নয়াদিল্লির গ্যেটে ইনস্টিটিউট ম্যাক্স মুলার ভবনে (ভারত)। দুই সপ্তাহের ব্যবধানে একেকটি প্রদর্শনী। পরেরটি হবে কলকাতায়।
গতকাল বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে দুই আলোকচিত্রী, দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল ইসলাম ও গ্যেটে ইনস্টিটিউটের পরিচালক ইউডির্থ মিয়েশব্যার্গার প্রদর্শনীটি নিয়ে কথা বলেন।
আফগান মোস্কা নাজিব এখন ভারতীয় নাগরিক। নিজেকে পরিচয় দিলেন ‘কাবুলিওয়ালা’ হিসেবে। পেশায় আলোকচিত্রী ও সাংবাদিক। মুজাহিদিনরা কাবুল দখলের আগে তাঁর বাবা মোহাম্মদ নাজিবুল্লাহ ছিলেন আফগানিস্তানের শেষ রাষ্ট্রপতি। ১৯৯৬ সালে তালেবানরা নির্মমভাবে তাঁকে হত্যা করে। মোস্কার জন্য তাই এই তিন বছর আত্মপরিচয় খোঁজার সময়।
অপর আলোকচিত্রী নাজেস আফরোজের জন্ম ভারতের বর্ধমানে। তবে বেড়ে উঠেছেন বৈচিত্র্যময় এক কলকাতায়, যেখানে ছিল কাবুলিওয়ালা, আর্মেনীয়, বাগদাদি, অ্যাংলো-ইন্ডিয়ানরা। নাজেস কাবুলিওয়ালাদের দেখেছেন তাঁর পুরোনো স্মৃতির প্রেক্ষাপটে। পেশায় সাংবাদিক। ইংরেজিতে অনুবাদ করেছেন সৈয়দ মুজতবা আলীর দেশে বিদেশে, যেটি আবার মুজতবার আফগানিস্তান ভ্রমণ নিয়ে লেখা।
কাবুলিওয়ালারা কেমন? সাধারণ ধারণা হলো, তাঁরা খুব বদমেজাজি, কথায় কথায় খুনোখুনি বাধিয়ে দেন। কিন্তু নাজেস বললেন, আসলে তাঁরা অত্যন্ত শান্ত, বন্ধুত্বপ্রিয়। রবীন্দ্রনাথের রহমত কাবুলিওয়ালা যেমন ছিলেন মিনির প্রতি স্নেহময়। প্রদর্শনীর একটি ছবিতে বাঙালি এক বিয়ের অনুষ্ঠানে এক কাবুলিকে দেখা গেল, যেমন করে রহমত উপস্থিত হয়েছিলেন মিনির বিয়ের দিন।
কলকাতার কাবুলিরা না ভারতীয়, না আফগান। তাঁদের কোনো দেশেরই নাগরিকত্ব নেই। পরিচয় বলতে তাঁরা দেখান নানা সময়ে জোগাড় করা বিভিন্ন লাইসেন্সের কাগজ। পরিচয়হীন বলেই কি কয়েকটি ছবিতে তাঁদের মুখ ঝাপসা?