কাব্য কামরুলের পুঁথি
বাঙালির লোক সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ পুঁথিপাঠ এখন সাংস্কৃতিক জীবন থেকে বিলুপ্তপ্রায়। পুঁথির মধ্য দিয়ে গ্রামীণ মানুষ একসময় বিনোদনের খোরাক পেত। সময়ের সঙ্গে মানুষের বিনোদনের ধরন বদলেছে, পুঁথিপাঠও নেই আগের মতো। পুঁথিপাঠ যেন অতীত হয়ে যাওয়া স্মৃতি।কিন্তু এ সময়ের পুঁথিশিল্পী কাব্য কামরুল নাগরিকজীবনে নতুন করে নিয়ে এসেছেন হারিয়ে যাওয়া পুঁথি শিল্পের নতুন রূপ। লেজার ভিশনের ব্যানারে ঈদ উপলক্ষে বাজারে এসেছে তাঁর একক পুঁথিপাঠের অ্যালবাম কাব্য কামরুলের পুঁথি। পুঁথি ও পথকবিতার আঙ্গিকে তাঁর নিজের লেখা পুঁথি আধুনিক বাদ্যযন্ত্রে পেয়েছে ভিন্ন রকম মাত্রা। সমসাময়িক বিষয়ভিত্তিক পুঁথিগুলো হলো ঝালমুড়ি, প্রেম, মা, রাজধানী ঢাকা, কদম আলীর মলম, পান বয়াতির বিরহগাথা, সবার উপর মানুষ সত্য ও সমকাল।অডিও অ্যালবামের কম্পোজিশন করেছেন মনা সেন। প্রচলিত গানের স্থিতিকাল, সুর-বৈচিত্র্য এবং আধুনিক বাদ্যযন্ত্রের সংমিশ্রনে পুঁথিগুলো হয়েছে সমকালীন কণ্ঠস্বর। প্রসঙ্গত, কাব্য কামরুলের পুঁথি চলমান প্রেক্ষাপটে পুঁথি আঙ্গিকে বাংলাদেশের প্রথম অডিও অ্যালবাম।