কামারের আরেকটি জয়

৩ আগস্ট থেকে শুরু হওয়া ইউরোপের প্রথম সারির চলচ্চিত্র উৎসব লোকার্নোর ওপেন ডোরস কার্যক্রমের সবচেয়ে বড় পুরস্কারটি জিতল কামার আহমাদ সাইমনের চলচ্চিত্র প্রকল্প ডে আফটার টুমোরো। ওপেন ডোরস গ্র্যান্ট হিসেবে প্রকল্পটি জিতেছে ৩০ হাজার সুইস ফ্রাঁ। পাশাপাশি আর্টে ইন্টারন্যাশনাল ওপেন ডোরস প্রাইজ হিসেবে ছবিটি জিতেছে ছয় হাজার ইউরো।
মূলত সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের (এসডিসি) সহায়তায় ওপেন ডোরস কার্যক্রম পরিচালনা করে সুইজারল্যান্ডের লোকার্নো চলচ্চিত্র উৎসব। সহযোগী হিসেবে আছে একাধিক ইউরোপ ও এশীয় প্রতিষ্ঠান। এবারের ওপেন ডোরস কার্যক্রমে বাংলাদেশ ছাড়াও অংশ নিয়েছে ভুটান, নেপাল ও মিয়ানমারের ছবি। গত ২৮ এপ্রিল লোকার্নো ঘোষণা করে ওপেন ডোরস হাবের জন্য নির্বাচিত চলচ্চিত্র প্রকল্পগুলোর নাম। সেখানে কামারের প্রকল্পটির পাশাপাশি জায়গা করে নেয় বাংলাদেশের ইশতিয়াক জিকোর কাহিনিচিত্র সিটি অ্যান্ড ক্যাটস।