কামাল বায়েজীদ ৫ প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুজা আহমেদ, হুমায়ুন ফরীদি; এরপর ঢাকা থিয়েটারের তুমুল জনপ্রিয় মুনতাসির নাটকের মুনতাসির চরিত্রে অভিনয় করেছেন কামাল বায়েজীদ। মহিলা সমিতি ভাঙা উপলক্ষে ৮ থেকে ১২ সেপ্টেম্বর ফেডারেশনের উদ্যোগে পাঁচ দিনের নাট্যোৎসব হবে। ১২ সেপ্টেম্বর মুনতাসির চরিত্র নিয়ে মঞ্চে উঠবেন কামাল বায়েজীদ। আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন শফিক আল মামুন।কীভাবে মুনতাসির চরিত্রে অভিনয়ের সুযোগ হলো?আমি নাটকটির সঙ্গে প্রথম থেকেই জড়িত। ১৯৭৮ সালে যখন নাটকটি প্রথম মঞ্চে আসে, তখন মুনতাসির চরিত্রটি করতেন সুজা আহমেদ। এখন তিনি আমেরিকা-প্রবাসী। তখন আমি দুটি চরিত্র করতাম—খানসামা ও একজন ছাত্র। ১৯৮৪ সালে এসে নাটকটি নতুনভাবে আবার মঞ্চে আসে। তখন আমি নাটকটির প্রযোজনা ব্যবস্থাপক ছিলাম আর হুমায়ুন ফরীদি মুনতাসির চরিত্রটি করতেন। মাঝখানে নাটকটির প্রদর্শনী বন্ধ ছিল। ২০০৪ সালে যখন নাটকটি আবার মঞ্চে আনার জন্য রিহার্সেল শুরু হয়, তখন হুমায়ুন ফরীদিও একদিন রিহার্সেল করেন। কিন্তু পরে অসুস্থতার জন্য আর করতে পারেননি। ওই সময় হুমায়ুন ফরীদি নিজেই নির্দেশক নাসির উদ্দীন ইউসুফকে অন্য কাউকে দিয়ে চরিত্রটি করার জন্য অনুরোধ করেন। এরপর দলের কর্মীদের নিয়ে নানা রকম চিন্তাভাবনা শেষে আমাকে চরিত্রটি করতে বলা হয়। এভাবে চরিত্রটিতে কাজ করার সুযোগ পেলাম।নাটকটিতে অভিনয়ের আগের অনুভূতি কেমন ছিল?যখন সিদ্ধান্ত হলো, আমি চরিত্রটি করছি তখন নিজের কাছে বিস্ময় মনে হয়েছে। আমি প্রথম থেকেই নাটকটির সঙ্গে ছিলাম। সুজা আহমেদ, হুমায়ুন ফরীদি দুজনেরই মুনতাসির চরিত্রটি করা দেখেছি। এমন একটা বিখ্যাত চরিত্র আমি করব, প্রথমে স্বপ্নই মনে হয়েছে। চরিত্রটি ওঠানোর ক্ষেত্রে নিজেকে কীভাবে প্রস্তুত করেছিলেন?যেহেতু আমি আগে থেকেই নাটকটির সঙ্গে ছিলাম, তাই চরিত্রটির সংলাপ প্রায় সবই আমার আগে থেকেই মুখস্থ ছিল। মাথায় একটা জিনিস সব সময় কাজ করেছে, যেহেতু এর আগে দর্শকেরা মুনতাসির চরিত্রে দুজনকে দেখেছেন, তাই আমাকে একটু ভিন্নভাবে চরিত্রটি নিয়ে আসতে হবে। এ জন্য নির্দেশক নাসির উদ্দীনের সঙ্গে বিষয়টি নিয়ে দীর্ঘ পরিকল্পনা করে সিদ্ধান্ত নেওয়া হলো, আমার কোমর করা হবে ৮৪ ইঞ্চি, পেট হবে মোটা। এভাবে কাজ শুরু হলো। প্রদর্শনীর এক ঘণ্টা আগেই মেকআপ নেওয়ার জন্য পোশাক পরা হতো। পোশাক পরার পর আর ওই পোশাক পরে বসতে পারতাম না। আবার নাটকের স্থায়িত্ব ছিল দুই ঘণ্টা। মোট তিন ঘণ্টা আমাকে এভাবে থাকতে হতো। খুবই কষ্ট হতো। নাটকটি মঞ্চে ওঠার আগে দেড় মাস রিহার্সেল করা হয়েছে।সুজা আহমেদ, এরপর হুমায়ুন ফরীদি, তারপর মুনতাসির চরিত্রে আপনি—দর্শকের কাছ থেকে কী প্রতিক্রিয়া পেয়েছেন?যেসব দর্শক সুজা আহমেদ, হুমায়ুন ফরীদিকে মুনতাসির চরিত্রে দেখেছেন, তাঁদের কেউ কেউ আমার প্রদর্শনীটিও দেখেছেন। দু-একজনের সঙ্গে কথা হয়েছে। তাঁরা খারাপ বলেননি। তবে নব্বইয়ের দশকের পর যেসব নতুন নাট্যকর্মী থিয়েটার করতে এসেছেন, তাঁদের কাছে মুনতাসির একেবারেই নতুন ছিল। তাঁরা খুবই প্রশংসা করেছেন। ১৯৭৭ থেকে ২০১১—দীর্ঘ প্রায় ৩৪ বছর ঢাকা থিয়েটারে কাজ করছেন। নির্দেশনা দেওয়ার ইচ্ছা হয় না?ইচ্ছা করে, তবে সাহস হয় না। কেননা আমি আমার যোগ্যতা সম্পর্কে সচেতন। ঢাকা থিয়েটারের মতো দলে নির্দেশনা দেওয়ার যোগ্যতা আমার নেই। নির্দেশনা অনেক কঠিন কাজ। এ কাজ করতে গেলে মেধাবী হতে হয়। আর সবার দ্বারা সবকিছু হয়ও না। আমি অভিনয় করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তবে ঢাকা থিয়েটারের বাইরে কোনো দল আমন্ত্রণ জানালে নির্দেশনার কাজ করব।