কায়াতে কনটেম্পরারি ভাইবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দশক ধরে গ্যালারি কায়া আয়োজিত প্রদর্শনীর মধ্যে যেমন বিখ্যাত শিল্পীর কাজ রয়েছে, তেমনি ছিল নতুনদের কাজও। গত কয়েক বছরে বেশ কয়েকজন তরুণ সম্ভাবনাময় শিল্পী নিষ্ঠার সঙ্গে জলরং ও ছাপচিত্রের কাজ করছেন দেখে কায়া এবার আয়োজন করেছে তাঁদের কাজ নিয়ে চিত্র প্রদর্শনী ‘কনটেম্পরারি ভাইবস (ওয়াটার কালারস অ্যান্ড গ্রাফিক প্রিন্টস)’। ১৭ মার্চ পর্যন্ত এ প্রদর্শনী চলবে।
১০ জন তরুণ শিল্পীর ৫৩টি চিত্রকর্ম নিয়ে এ প্রদর্শনী। তাঁদের সবার জন্ম ১৯৬৮ থেকে ১৯৮৬ সালের মধ্যে।
গতকাল প্রদর্শনী উদ্বোধনের আগেই শিল্পীরা হাজির। আজমীর হোসেন বিদেশ গিয়েছেন বার কয়েক। দীর্ঘ সে যাত্রাগুলোয় মাঝে মাঝেই কয়েকটি দৃশ্য ভালো লেগে যায়। তখনকার মতো শহরের নাম জেনে নিলেও এখন আর সেগুলো মনে নেই। কিন্তু মাইন্ডস্কেপে রয়ে গেছে সে দৃশ্যগুলো। সেগুলোই জলরঙে এঁকেছেন তিনি, নাম দিয়েছেন ‘মেমোরি অব আননোন সিটি’। রুহুল আমিন তারেকের ছাপচিত্রে সময় ও বাস্তবতার জটিলতাকে ধরা হয়েছে পুরুষদেহ দিয়ে। আবার আশরাফুল হাসান নারীর মধ্যে খুঁজে পেয়েছেন প্রকৃতিকে। চারুকলার শিক্ষক কামাল উদ্দিন কিছু কাজ করেছেন পুরান ঢাকা নিয়ে। তাঁর বাকি জলরংগুলো ছিল মহেশখালী নিয়ে। পুরান ঢাকা নিয়ে জলরং করেছেন শাহানূর মামুনও। নগরবাসী বর্মণের ছাপচিত্রগুলো গ্রামের জেলেদের জীবন নিয়ে। আনিসুজ্জামানের বিশাল ছাপচিত্রগুলো কিছুটা বিমূর্ত। শেখ মো. রোকনুজ্জামানের ছাপচিত্রে একই ছবি পাঁচটি ভিন্ন ভিন্ন বাস্তবতায় ধরা পড়ে বলে সেগুলোর নাম ‘এ জার্নি অব ওয়ান রিয়েলিটি টু অ্যানাদার’।
সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী আবুল বারক আলভী। এ সময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ বিনায়ক সেন। সংক্ষিপ্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্যালারি কায়ার পরিচালক শিল্পী গৌতম চক্রবর্তী।