কার হাতে উঠবে অস্কার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টুয়েলভ ইয়ারস আ স্লেভ
টুয়েলভ ইয়ারস আ স্লেভ

জুলিয়া রবার্টস, রিস উইদারস্পুন, হেলেন মিরেন, কেট উইন্সলেট, নাটালি পোর্টম্যান...এরপর? এরপর কি কেট ব্ল্যানচেট?

তালিকাটা ছোটই। হলিউডের ইতিহাসে এই পাঁচ অভিনেত্রীর আছে সেই গর্বিত অর্জন। এক ছবি দিয়েই একাডেমি অ্যাওয়ার্ড, বাফটা, গোল্ডেন গ্লোব, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড এবং ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ড—পাঁচ প্রধান পুরস্কারের সবগুলোই জেতার বিরল কৃতিত্ব। কেট ব্ল্যানচেট এরই মধ্যে বাফটা জিতেছেন। গোল্ডেন গ্লোব, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড এবং ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ডও। বাকি আছে কেবল অস্কার। ২ মার্চ কি ব্ল্যানচেটের সেই ইতিহাস গড়ারই রাত?

গ্র্যাভিট
গ্র্যাভিট



বলা মুশকিল। কার হাতে অস্কার উঠতে যাচ্ছে—এ নিয়ে এতটাই গোপনীয়তা পালন করা হয়, এর চেয়ে চল্লিশ চোরের গুহার দরজা খোলাও সহজ। তবে ব্ল্যানচেট অস্কারের সোনালি ট্রফিটা দ্বিতীয়বারের মতো হাতে তোলার প্রস্তুতি নিয়েই আসতে পারেন। ভালোমতো মুখস্থ করে আসতে পারেন ছোট্ট কিন্তু আবেগে থইথই প্রতিক্রিয়া-ভাষণটিও। সেরা অভিনেত্রী বিভাগের খাম থেকে যে কাগজটা বেরোবে, সেটাতে তাঁর নাম যে থাকবে, এটা নাকি একরকম নিশ্চিত। ব্ল্যানচেটের মতো নিশ্চিত ফেবারিট নন, তবে সেরা অভিনেতার পুরস্কার-ভাগ্যে বাকিদের চেয়ে অনেকটাই এগিয়ে আছেন ম্যাথু ম্যাকনাহে।

আমেরিকান হাসল
আমেরিকান হাসল



সেরা অভিনেতা বিভাগে ম্যাকনাহেকে লড়তে হবে ক্রিস্টিয়ান বেল, ব্রুস ডার্ন, লিওনার্দো ডিক্যাপ্রিও, চুইতেল এজিওফরের সঙ্গে। সেরা অভিনেত্রী বিভাগে ব্ল্যানচেটকে লড়তে হবে অ্যামি অ্যাডামস, সান্ড্রা বুলক, জুডি ডেঞ্চ, মেরিল স্ট্রিপের সঙ্গে। এ নিয়ে ১৮ বারের মতো অস্কার মনোনয়ন পেলেন স্ট্রিপ, ভাবা যায়!

Untitled-21
Untitled-21



ব্ল্যানচেটের নাম যতটা নিশ্চিত, ততটাই নাকি অনিশ্চিত সেরা ছবি বিভাগের লড়াইটা। বলা হচ্ছে, গত কয়েক দশকের মধ্যে এবারই সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াই হবে এই বিভাগে। নিশ্চিত ফেবারিট কেউ নেই। নয়টি ছবি এবার মনোনয়ন পেয়েছে। লড়াইটা অবশ্য শেষ পর্যন্ত হবে ত্রিমুখী। টুয়েলভ ইয়ারস আ স্লেভ, গ্র্যাভিটি এবং আমেরিকান হাসল-এর মধ্যে। বাকি ছয়টি ছবিও শক্ত প্রতিদ্বন্দ্বী: ডালাস বায়ার্স ক্লাব, ক্যাপটেন ফিলিপস, হার, নেব্রাস্কা, ফিলোমেনা, দ্য উলফ অব ওয়াল স্ট্রিট। তবে শেষ পর্যন্ত সেরা ছবির পুরস্কার জিততে পারে ব্রিটিশ পরিচালক স্টিভ ম্যাককুইনের টুয়েলভ ইয়ারস আ স্লেভ।

ম্যাককুইন সেরা পরিচালক বিভাগে মনোনয়ন পেয়েছেন। জিতলে তিনিই হবেন এই বিভাগে অস্কার জেতা প্রথম কৃষ্ণাঙ্গ। তবে এই মৌসুমে নাকি সেরা পরিচালক বিভাগে পুরস্কার বর্ষণ আসলে হচ্ছে মেক্সিকান পরিচালক আলফনসো কুয়ারনের ওপরই। এ বিভাগে মনোনয়ন পাওয়া বাকি তিন পরিচালক হলেন ডেভিড ও’রাসেল, আলেক্সান্ডার পেইন এবং মার্টিন স্করসিস। তবে দানে দানে ছয় দানই হয়তো মারতে চলেছেন কুয়ারন। এর আগে পাঁচবার মনোনয়ন পেলেও শিকে ছিঁড়েনি।

কুয়ারন সেরা পরিচালক ছাড়াও প্রযোজকসূত্রে সেরা ছবি এবং সেরা সম্পাদনা বিভাগে।

সর্বোচ্চ দশটি বিভাগে মনোনয়ন পেয়েছে দুটো ছবি—আমেরিকান হাসল ও গ্র্যাভিটি। নয়টি বিভাগে মনোনয়ন পেয়েছে টুয়েলভ ইয়ারস আ স্লেভ।

গত ভালোবাসা দিবসে শুরু হয়েছে এবারের অস্কারের ভোটাভুটি। একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের প্রায় ছয় হাজার সদস্য ভোট দিয়েছেন। টানা ১২ দিন ধরে চলা ভোটাভুটি শেষ হয়েছে গত মঙ্গলবার। লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসতে যাচ্ছে ৮৬তম অস্কারের রাত। উপস্থাপনা করবেন মার্কিন টক শো উপস্থাপক এলেন ডিজেনেরেস। অনেক পূর্বাভাস করা হলো বটে, তবে এবারের অস্কার নিয়ে সবচেয়ে সত্য কথাটা লিখেছেন ভ্যারিয়িটির টিম গ্রে, ‘একটা ব্যাপার নিশ্চিত: শেষ খামটি খোলা পর্যন্ত থাকবে অনিশ্চয়তা!’

রাজীব হাসান, এএফপি অবলম্বনে