কার হাতে 'রংবাজ' নির্মাতার ভাগ্য?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘রংবাজ’ সিনেমার প্রধান দুই শিল্পী শাকিব খান ও বুবলীর সঙ্গে নির্মাতা শামীম আহমেদ
‘রংবাজ’ সিনেমার প্রধান দুই শিল্পী শাকিব খান ও বুবলীর সঙ্গে নির্মাতা শামীম আহমেদ

পরিচালক সমিতির শৃঙ্খলা অমান্য করার অভিযোগে ‘রংবাজ’ ছবির নির্মাতা শামীম আহমেদ রনির সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছে চলচ্চিত্র পরিচালক সমিতি। গতকাল রোববার এফডিসিতে পরিচালক সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে তাঁর সদস্যপদ বাতিলের আগের সিদ্ধান্ত বহাল রাখা হয়।

তবে পরিচালকদের সাধারণ সমিতি চাইলে রনির অপরাধ মওকুফের সুযোগ রয়েছে। আজ সোমবার সন্ধ্যায় প্রথম আলোকে এমনটাই জানিয়েছেন সমিতির মহাসচিব বদিউল আলম খোকন।
পরিচালক সমিতির নিষেধাজ্ঞা সত্ত্বেও নায়ক শাকিব খানকে নিয়ে সিনেমা নির্মাণ করায় রনির ওপর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়। এটি পরিচালক সমিতির সিদ্ধান্তকে অসম্মান দেখানো।
মহাসচিব বদিউল আলম খোকন বলেন, ‘আমাদের সমিতির আইনের ৫ (ক) ধারায় তাঁর সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। ওই ধারাতেই রনির সদস্যপদ বাতিল করা হয়েছিল। যেহেতু তিনি সমিতির কাছে লিখিতভাবে সদস্যপদ ফিরে পাওয়ার ব্যাপারে আবেদন জানিয়েছেন, তাই নির্বাহী সদস্যরাসহ সবাই মিলে আবার সিদ্ধান্ত নেয়।’
রনির ওপর নিষেধাজ্ঞার কারণে শাকিব ও বুবলীকে নিয়ে তাঁর ‘রংবাজ’ সিনেমার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ল। খোকন বলেন, ‘আপাতত এই নির্মাতা কোনো অবস্থায় “রংবাজ” সিনেমা বানাতে পারবেন না। তবে প্রযোজক যদি অন্য কাউকে দিয়ে সিনেমা নির্মাণ করতে চান, তাহলে তা পারবেন। তবে আমাদের সাধারণ পরিষদের সদস্যরা যদি মনে করেন, তাঁর নিষেধাজ্ঞা শিথিল করা সম্ভব, তাহলে তিনি ছবিটি নির্মাণ করতে পারবেন।’
তিনি এ কথাও বলেন, ভবিষ্যতে যাতে কেউ পরিচালক সমিতির নিয়মনীতি ভাঙতে না পারেন, এ জন্য রনির এ ঘটনা উদাহরণ হিসেবে কাজ করবে। গতকালের বৈঠকে সভাপতি, মহাসচিব ছাড়াও অন্য নেতারা উপস্থিত ছিলেন।
‘রংবাজ’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছেন শাকিব খান, বুবলী, অমিত হাসান, নতুনসহ আরও অনেকে।