
মঞ্চে প্রথম
ছোটবেলায় আমি ধ্রুপদ কলাকেন্দ্রে নাচ শিখতাম। তখন থেকেই আমার নাচের গুরু শুক্লা সরকার। তাঁর নির্দেশনায় প্রথম মঞ্চে নৃত্য পরিবেশন করেছিলাম। সময়টা অনেক আগে। ১৯৯২ সালে কেন্দ্রের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মম চিত্তে নিতি নৃত্যে’ গানটির সঙ্গে একটি দলীয় নাচে অংশ নিয়েছিলাম। আমি ছিলাম সবচেয়ে ছোটদের দলে। এতই ছোট ছিলাম যে মঞ্চে প্রথম পরিবেশন করছি—এটা যে কোনো বিশেষ ঘটনা, তা-ও বুঝতে পারিনি। একটা অদ্ভুত বিষয় হলো, সেই শুরু থেকে আজ পর্যন্ত মঞ্চে বা ক্যামেরার সামনে আমি কখনোই ভয় পাই না। বরং আমার মনে হয় অন্য সময়ের চেয়ে মঞ্চে আমি আরও বেশি স্বতঃস্ফূর্ত, প্রাণবন্ত ও আত্মবিশ্বাসী থাকি।
প্রথম পারিশ্রমিক
বাংলাদেশ টেলিভিশনে অনেক আগে ‘স্পন্দন’ নামে একটি অনুষ্ঠান হতো। সেই অনুষ্ঠান শুরু করার জন্য একটা শিশুর প্রয়োজন ছিল। বিষয়টা ছিল এমন, শিশুটির হাতে একটি লাল গোলাপ থাকবে, তার হাসি দিয়েই শুরু হবে অনুষ্ঠান। আর সেই শিশুর জায়গায় আমাকে নির্বাচন করা হয়েছিল। শুটিংয়ের জন্য আমার হাতে ফুল দেওয়া হলো। এরপর আমাকে বলা হলো হাসতে। কিন্তু আমার তো তখন হাসতে ইচ্ছা করছে না, শুধু শুধু হাসব কেন? এমন না যে আমি ভয় পাচ্ছিলাম। কিন্তু কারণ ছাড়া হাসতে হয়তো তখন ইচ্ছা করছিল না আমার। আমাকে একটু হাসানোর জন্য তখন সবার যে কত কসরত করতে হয়েছিল, সেগুলো আমার এখনো আবছা মনে আছে। চকলেট, কোক আরও কী কী দিয়ে যেন সে সময় আমাকে হাসানো হয়েছিল। সেই অনুষ্ঠানে ওইটুকু কাজ করেই আমি ৩০০ টাকার একটি চেক পেয়েছিলাম। সেটিই আমার প্রথম উপার্জন।
প্রথম রান্না
সপ্তম শ্রেণিতে আমাদের পাঠ্যসূচিতে গার্হস্থ্য অর্থনীতি বিষয়টি ছিল। সেই বিষয়ের পাঠ্যবইয়ে কিছু রান্নার প্রণালিও থাকত। সব প্রণালির মধ্যে সবচেয়ে সহজ ছিল ফ্রুট কাস্টার্ড তৈরি করা। একদিন আমার মা কোনো একটা কাজে বাড়ির বাইরে গিয়েছিলেন। আমি মায়ের অনুপস্থিতিটাই সুযোগ হিসেবে কাজে লাগালাম। মায়ের রান্নাঘরে ঢুকে গেলাম। উদ্দেশ্য, কাস্টার্ড তৈরি। প্রথম চেষ্টা তো, তাই চুলায় কড়াই রাখার কিছুক্ষণ পর যে সেটি অনেক গরম হয়ে যাবে, সেই আন্দাজ ছিল না। অতঃপর যা হওয়ার তা-ই হলো। গরম কড়াই সরাসরি হাত দিয়ে ধরতে গিয়ে হাত গেল পুড়ে। বাসায় তখন বাড়ির কাজে সাহায্য করার জন্য একজন মাসি ছিলেন। তাঁর সাহায্য নিয়ে পরে ঠিকই কাস্টার্ড বানানো শেষ করেছিলাম। সবাই খেয়ে খুব প্রশংসা করেছিল।
প্রথম পুরস্কার
আমি ভিকারুননিসা নূন স্কুলে পড়তাম। ষষ্ঠ শ্রেণিতে ওঠার পর আমাদের স্কুলের সব ছাত্রীকে চারটি হাউসে ভাগ করা হলো। আমি ছিলাম কৃষ্ণচূড়া হাউসে। তখন একবার স্কুলে ইংরেজি বানান লেখার প্রতিযোগিতা হয়েছিল। সেই প্রতিযোগিতায় আমি প্রথম হয়ে বই পুরস্কার পেয়েছিলাম। সেটি আমার জীবনে পাওয়া প্রথম পুরস্কার।
প্রথম প্রেম
আমার প্রথম ও শেষ প্রেম নাচের সঙ্গে। ছোটবেলাতেই আমার মা আমাকে নাচ, গান, অভিনয়, ছবি আঁকা—সবকিছুতে ভর্তি করেছিলেন। কিন্তু কিছুদিন যাওয়ার পরই সবাই বুঝতে পারে, অন্য সবকিছু থেকে নাচের প্রতি আমার আগ্রহ বেশি। প্রতি শুক্রবার আমার নাচের ক্লাস থাকত। সপ্তাহে এই একটি দিনের অপেক্ষায় বসে থাকতাম। দিনটি এলেই খুশি হয়ে যেতাম। তখন থেকেই নাচের জন্য আমার অন্য রকম একটা ভালোবাসা কাজ করত। সেই যে নাচের প্রেমে পড়েছি, তা এখনো আছে।
অনুলিখন: নাদিয়া মাহমুদ