কারস্টেন স্টুয়ার্টের মৃত্যুভয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীকে ঘুণপোকায় খেয়ে ফেলা একটা আসবাব মনে হয়েছিল কবি সিলিভিয়া প্লাথের। মরে যেতে চেয়েছিলেন তিনি। কারস্টেন স্টুয়ার্টের কাছে এই পৃথিবী এখন এতটাই অসহ্য মনে হতে পারে। লঘু পা ফেলছেন সাবধানে। কিন্তু তার পরও পা আটকে যাচ্ছে বিতর্কের চোরাবালিতে। কিছুতেই মুক্তি মিলছে না। না, তিনি হতাশার পাহাড়বোঝা নিয়ে মৃত্যুর চোরাবালিতে ডুবে যেতে চান না, বেঁচে থাকতেই চান। কিন্তু কী এক অজানা মৃত্যুভয় পেয়ে বসেছে ২২ বছর বয়সী এই হলিউড নন্দিনীকে।দুঃসময়ের ফেরে পড়েছেন আসলে। হলিউডে প্রেম আদতে সস্তা এক খেলনা। নিজের সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে বিশ্বাসঘাতকতা কিংবা আরও ঝাঁঝালো ভাষায় বললে প্রতারণা নতুন কিছু নয়। হররোজ ঘটে। তারকারা গাড়ির মডেল পাল্টানোর চেয়েও অবিশ্বাস্য দ্রুততায় জীবনসঙ্গী পাল্টে ফেলতে পারেন। সেখানে রবার্ট প্যাটিনসনকে লুকিয়ে অন্য একজনের সঙ্গে প্রেমের টি-টোয়েন্টি ইনিংস খেলতে গিয়ে স্টুয়ার্ট কেন রীতিমতো ঘৃণ্য হয়ে উঠবেন! এমন তো নয়, হলিউডের দুনিয়ায় পিঠে ছুরি মেরে দেওয়ার ঘটনা আগে কখনোই ঘটেনি।সমস্যা আসলে অন্যখানে। পর্দার বেলা-এডওয়ার্ডের সঙ্গে রক্ত-মাংসের স্টুয়ার্ট-প্যাটিনসনকে গুলিয়ে ফেলে মানুষ। ফেলবেই তো। টোয়াইলাইট মানুষকে অন্য এক ঘোরে নিয়ে গেছে। অবিশ্বাস্য এক প্রেমের মোহে দর্শককে অন্ধ করে রেখেছে। যেখানে একজন রক্তপিয়াসী অমর-অজর ভ্যাম্পায়ারের জন্য পুরো বিশ্বকেই মুঠোয় পুরে নিতে পারে একজন সাধারণ মেয়ে, আর সেই ভ্যাম্পায়ারও নিজের পৃথিবীকেই গুঁড়িয়ে দিতে চায়। দুরন্ত ষাঁড়ের চোখে লাল রুমাল বাঁধা তো মামুলি ব্যাপার।রুপালি পর্দার সেই কল্পিত জগতের প্রেমকাহিনির সমান্তরালে বাস্তবের ‘সিনেমা-থিয়েটারে’ও চলেছে স্টুয়ার্ট-প্যাটিনসনের প্রেম। ফলে তাঁদের কাছে ভক্তরা পর্দার বেলা-এডওয়ার্ডকেই আশা করে। যে প্রেম পবিত্র, শাশ্বত। এ কারণেই স্টুয়ার্টের ‘সামান্য’ পা হড়কে যাওয়াটাও মেনে নিতে পারেনি কেউ।এ নিয়ে অনেক জলঘোলার পাশাপাশি বিনোদন সাংবাদিকেরা বিস্তর কাগজও খরচ করেছেন লিখে লিখে। অনেকের ল্যাপটপের কি-বোর্ডও ক্ষয়ে গেছে। এই প্রসঙ্গ আপাতত শিকেয় তোলা থাকুক। আর বিশেষ করে প্যাটিনসনও যখন সব ভুলে গাইছেন—‘আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ...।’ বুকে টেনে নিচ্ছেন স্টুয়ার্টকে।কিন্তু ঝামেলা থেকে মুক্তি নেই। শনির দশা যে ভর করেছে স্টুয়ার্টের ওপর। নতুন ঝামেলা বেঁধেছে স্টুয়ার্টের সদ্য মুক্তি পাওয়া ছবি অন দ্য রোড নিয়ে। এই ছবিতে বেশ কিছু ‘সাহসী’ দৃশ্যে অভিনয় করেছেন এই ২২ বছর বয়সী। গায়ে সুতোটি পর্যন্ত রাখেননি। এমন তো নয় হলিউডের প্রথম অভিনেত্রী হিসেবে এই দুঃসাহস দেখালেন তিনি। কিন্তু ওই যে সবই দুঃসময়ের ফের!জ্যাক ক্যারুয়াকের অভিন্ন নামের উপন্যাস অবলম্বনে বানানো হয়েছে ছবিটি। গত শতকের চল্লিশের দশকে যুক্তরাষ্ট্র ভ্রমণে বেরিয়ে পড়েছিলেন ক্যারুয়াক। সেই অভিজ্ঞতা থেকেই লিখেছেন দুর্দান্ত এই উপন্যাস। সেই ছবির ম্যারিলু নামের এক ষোড়শীর ভূমিকায় স্টুয়ার্টকে নতুন করে আবিষ্কার করবেন তাঁর ভক্তরা। স্টুয়ার্টের একটা সরল, অবোধ কিশোরী ধরনের ভাবমূর্তি আছে যাদের মনে, তাদের কাছে এই ছবি হয়ে উঠতে পারে রীতিমতো একটা ধাক্কা। বিশেষ করে স্টুয়ার্টকে নিয়ে যখন একটি নেতিবাচক প্রচারণা সংবাদমাধ্যমে চলছে, সেই সময় এই ছবি তাঁর ক্যারিয়ারে শেয়ারবাজারের ধসও এনে দিতে পারে বলে অনুমান কারও কারও।সব মিলে স্টুয়ার্ট যতটা না চিন্তিত, তারও চেয়ে বেশি চিন্তিত টোয়াইলাইট সিরিজের হর্তাকর্তারা। ছবির শেষ পর্ব মুক্তি পাবে কদিন বাদেই। এ সময় স্টুয়ার্ট এসব কী উটকো ঝামেলাকে নিমন্ত্রণ দিয়ে ডেকে আনছেন নিজের দুয়ারে!যা হচ্ছে, তাতে স্টুয়ার্ট নিজেও হতাশ। নিজের উদ্দেশে ছাপার অযোগ্য একটা গালি দিয়ে বলেছেন, ‘মাঝেমধ্যে নিজেকে খুব দুর্দশাগ্রস্ত মনে হয়।’ বলেছেন নিজের মৃত্যুভয়ের কথাও। যশ-খ্যাতিই একদিন অপ্রত্যাশিত মৃত্যু ডেকে আনতে পারে বলে আশঙ্কা করেছেন তিনি।আসলেই, শনিগ্রহ স্টুয়ার্টের ওপর ভীষণই রুষ্ট! রাজীব হাসানএলএ টাইমস ও হলিউড রিপোর্টার অবলম্বনে