কারাবন্দী সঞ্জয়ের মঞ্চ পরিবেশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সঞ্জয় দত্ত
সঞ্জয় দত্ত

পুনের ইয়েড়াওয়ারা কারাগারে সাজা খাটছেন অস্ত্র মামলায় দণ্ডপ্রাপ্ত বলিউডের অভিনেতা সঞ্জয় দত্ত। কারা কর্মচারীদের সাহায্যার্থে অর্থ তহবিল গঠনের লক্ষ্যে পুনের বাল গন্ধর্ব মিলনায়তনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ইয়েড়াওয়ারা জেল কর্তৃপক্ষ। এতে ৫০ জন কারাবন্দীর সঙ্গে মঞ্চ পরিবেশনায় অংশ নেবেন ‘মুন্না ভাই’ তারকা সঞ্জয় দত্ত।
এ প্রসঙ্গে কারা কর্মকর্তা যোগেশ দেশাইয়ের উদ্ধৃতি দিয়ে ‘পিটিআই’ জানিয়েছে, ২৬ সেপ্টেম্বর পুনের বাল গন্ধর্ব মিলনায়তনে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। সেখানে ৫০ জন কারাবন্দীর সঙ্গে মঞ্চে উঠবেন সঞ্জয়। জনপ্রিয় হিন্দি ও মারাঠি গানের সঙ্গে মঞ্চ পরিবেশনায় অংশ নেবেন তাঁরা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান, স্বরাষ্ট্রমন্ত্রী আর আর পাতিল প্রমুখ।
যোগেশ দেশাই জানান, কঠোর ও পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে কারাবন্দীদের অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়া হবে। অনুষ্ঠান শেষে পুলিশি পাহারায় নিরাপদে কারাগারে ফিরিয়ে আনা হবে তাঁদের।
প্রসঙ্গত, ১৯৯৩ সালের মার্চ মাসে মুম্বাইয়ে ধারাবাহিকভাবে বেশ কয়েকটি স্থানে ১২টি শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়েছিল। সে সময় এই ভয়াবহ বিস্ফোরণে মারা যায় ২৫৭ জন। আহত হয় ৭০০ জনেরও বেশি। ভয়াবহ এই সহিংসতার পর বিস্ফোরণ মামলার সঙ্গে সম্পৃক্ততা ও বাড়িতে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে ১৯৯৩ সালের এপ্রিল মাসে সঞ্জয়কে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। এ ঘটনার সঙ্গে যুক্ত থাকা সন্দেহে সঞ্জয় দত্তের বাড়ি তল্লাশি করে একটি একে-৫৬ রাইফেল ও একটি নাইন এমএম পিস্তল খুঁজে পেয়েছিল পুলিশ।

পরবর্তী সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ থেকে নিষ্কৃতি পান সঞ্জয়। কিন্তু বাড়িতে অবৈধ অস্ত্র রাখার দায়ে ২০ বছর আগের মামলায় গত ২১ মার্চ সঞ্জয়কে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন ভারতের সর্বোচ্চ আদালত। সঞ্জয় এ মামলায় আগে দেড় বছর সাজা খেটেছেন। এই হিসাবে তাঁকে আর সাড়ে তিন বছর কারাগারে থাকতে হবে।