কারাবন্দীদের সঙ্গে বসে 'পুলিশগিরি' দেখবেন সঞ্জয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশগিরি’ ছবির পোস্টার
পুলিশগিরি’ ছবির পোস্টার

পুনের ইয়েরাওয়াড়া কারাগারে সাজা খাটছেন অস্ত্র মামলায় অভিযুক্ত ‘খলনায়ক’ তারকা সঞ্জয় দত্ত। আর মাত্র তিন দিন পর মুক্তি পাচ্ছে সঞ্জয় অভিনীত ‘পুলিশগিরি’ ছবিটি। সম্প্রতি এক খবরে ‘মিড-ডে’ জানিয়েছে, জেলের চার দেয়ালের ভেতরেই ছবিটির প্রদর্শনীর উদ্যোগ নিয়েছে এর নির্মাতারা। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে কারাবন্দীদের সঙ্গে বসে ছবিটি উপভোগ করবেন সঞ্জয়।
আর দশজন সাধারণ বন্দীর মতোই ইয়েরাওয়াড়া কারাগারে সাজা খাটছেন ‘মুন্নাভাই’ তারকা সঞ্জয়। দৈনিক মাত্র ২৫ রুপি পারিশ্রমিকের বিনিময়ে কাগজের ফাইল বানাতে হচ্ছে তাঁকে। কাগজ বাঁধাইয়ের কাজও পেয়েছেন তিনি।
ইয়েরাওয়াড়া কারাগারের ভেতর ‘পুলিশগিরি’ ছবির প্রদর্শনীর ব্যবস্থা করছেন প্রযোজক রাহুল আগারওয়াল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা জেনেছি, ইয়েরাওয়াড়া কারাগারের বন্দীরা প্রতি মাসে একটি করে চলচ্চিত্র দেখার অনুমতি পান। আশা করছি, সেখানে “পুলিশগিরি” ছবিটি প্রদর্শনের অনুমতি পেতে খুব একটা সমস্যা হবে না।’
এদিকে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘পুলিশগিরি’ ছবির শুটিংয়ের জন্য সময় বের করতে সঞ্জয়কে যথেষ্ট বেগ পোহাতে হয়েছিল। শেষ পর্যন্ত ভালো ভালোয় ছবির শুটিং শেষ হয়েছে এবং এখন সেটি মুক্তির অপেক্ষায়। সঞ্জয়কে খুশি করতেই ইয়েরাওয়াড়া কারাগারের ভেতর ছবিটির প্রদর্শনীর উদ্যোগ নিয়েছেন এর নির্মাতারা।
কারাবন্দী হওয়ার পর এই প্রথম সঞ্জয়কে ‘পুলিশগিরি’ ছবির মাধ্যমে বড়পর্দায় দেখার সুযোগ পেতে যাচ্ছে দর্শক। কে এস রবিকুমার পরিচালিত এই ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন সঞ্জয়। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন প্রাচী দেশাই, ওম পুরি, প্রকাশ রাজ, রাজপাল যাদব প্রমুখ।