কারিনা আউট দীপিকা ইন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারিনা-দীপিকা
কারিনা-দীপিকা

‘শুদ্ধি’ ছবির মাধ্যমে দীর্ঘ দশ বছর পর হূতিক-কারিনা জুটিকে উপহার দিতে চেয়েছিলেন বলিউডের প্রভাবশালী নির্মাতা ও প্রযোজক করণ জোহর। অনেক কাঠখড় পুড়িয়ে হলেও ছবিতে হূতিক আর কারিনা কাপুরকে চুক্তিবদ্ধও করিয়েছিলেন। কিন্তু এক খবরে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সম্প্রতি কারিনাকে বাদ দিয়ে দীপিকা পাড়ুকোনকে নেওয়ার চেষ্টা করছেন করণ।
এরইমধ্যে দীপিকার সঙ্গে করণ জোহরের যোগাযোগ হয়েছে বলেই নিশ্চিত করেছে ‘শুদ্ধি’ ছবির সঙ্গে সংশ্লিষ্ট ঘনিষ্ঠ একটি সূত্র। সূত্রটির উদ্ধৃতি দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ‘এটা সত্য যে, দীপিকাকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। অবশ্য এখন পর্যন্ত ছবিটির চিত্রনাট্য পড়েননি দীপিকা। চিত্রনাট্য পড়া শেষ হলে তিনি তাঁর সিদ্ধান্তের কথা জানাবেন।’

‘শুদ্ধি’ ছবি থেকে কারিনাকে বাদ দেওয়ার পরিকল্পনার পেছনের কারণ সম্পর্কে জানা গেছে, গত নভেম্বরে মুক্তি পাওয়া কারিনা অভিনীত ‘গোরি তেরে পেয়ার মে’ ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর কারিনার পরিবর্তে দীপিকাকে নেওয়ার পরিকল্পনা করেন করণ। একের পর এক বক্স অফিস কাঁপানো ছবি উপহার দিয়ে দীপিকার ক্যারিয়ারের বৃহস্পতি এখন তুঙ্গে। তাঁর অন্তর্ভুক্তি ছবির সাফল্যের সম্ভাবনা অনেকটাই বাড়িয়ে দেবে—এমন ভাবনা থেকেই কারিনার পরিবর্তে দীপিকাকে পেতে চাইছেন করণ জোহর।

এ ছাড়া ‘শুদ্ধি’ ছবির শুটিং শেষ হতে অনেক সময় লাগবে। এক ছবির পেছনে এতটা সময় দিতে খুব বেশি আগ্রহী নন কারিনা। এর আগে ঠিক একই কারণে ‘গোলিও কি রাসলীলা: রাম লীলা’ ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন কারিনা। তখনও তাঁর পরিবর্তে দীপিকাকে নিয়েছিলেন নির্মাতা সঞ্জয় লীলা বানশালী।

প্রসঙ্গত, সর্বশেষ ২০০৩ সালে সুরজ বারজাতিয়া পরিচালিত ‘ম্যায় প্রেম কি দিওয়ানি হু’ ছবিতে জুটি বেঁধেছিলেন হূতিক-কারিনা। ছবিটিতে অভিনয়ের পর বিবাহিত হূতিকের সঙ্গে কারিনার প্রেমের জোর গুজব ছড়িয়ে পড়ে। এ কারণে পরবর্তী সময়ে তাঁদের এক ছবিতে অভিনয়ের জন্য রাজি করাতে পারেননি কোনো নির্মাতা। অবশেষে সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিলেন করণ জোহর। অনেক কাঠখড় পুড়িয়ে ‘শুদ্ধি’ ছবিতে কারিনার অন্তর্ভুক্তি নিশ্চিত করতে পারলেও, এখন সেই করণ জোহরই আবার কারিনাকে বাদ দিয়ে দীপিকাকে নিতে চাইছেন।