কারিনা কাপুর খান!
প্রেমিক সাইফ আলী খানকে কবে বিয়ে করবেন, সে বিষয়ে মুখে কুলুপ এঁটে থাকলেও, বিয়ের পর নামের সঙ্গে ‘খান’ যুক্ত করবেন বলে সম্প্রতি নিশ্চিত করেছেন কারিনা কাপুর। পতৌদির নবাব ও বলিউডের অভিনেতা সাইফ আলী খানের মা শর্মিলা ঠাকুর ছেলের বিয়ে নিয়ে ঢাক-ঢোল পেটালেও, এখন পর্যন্ত বিয়ের দিনক্ষণ প্রসঙ্গে চুপ আছেন সাইফ ও পতৌদি পরিবারের হবু বধূ কারিনা কাপুর। এমনকি সম্প্রতি কারিনা জানিয়েছেন, পেশাগত ব্যস্ততার কারণে এ মুহূর্তে বিয়ে নিয়ে ভাবার ফুরসত তাঁর কিংবা সাইফের নেই। তবে আশার কথা হলো, আজ না হয় কাল, বহুল প্রতীক্ষিত এই বিয়ের সাক্ষী হতে চলেছেন সবাই। সম্প্রতি কারিনা জানিয়েছেন, তিনি সাইফ আলী খানকেই বিয়ে করছেন এবং বিয়ের পর নিজের নামের সঙ্গে ‘খান’ পদবি জুড়ে দেবেন। এ প্রসঙ্গে ভারতের প্রথম সারির একটি দৈনিক পত্রিকায় দেওয়া এক সাক্ষাত্কারে কারিনা বলেন, ‘সাইফকে বিয়ে করার পর আমার পুরো নাম হবে কারিনা কাপুর খান। এর ফলে বলিউডের অন্যতম শক্তিশালী দুটি পদবি “কাপুর” ও “খান” থাকবে আমার নামের সঙ্গে।’ কারিনা মজা করে আরও বলেন, ‘বিয়ের পর সবার কাছে হয়তো “ট্রিপল কে” বা “কে কে কে” নামে পরিচিতি পেয়ে যাব আমি। অবশ্য সাইফ চায় না যে বিয়ের পর আমার নামে কোনো পরিবর্তন আসুক।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। কলকাতার বিখ্যাত ঠাকুর পরিবারের মেয়ে শর্মিলা ঠাকুর। ১৯৬৯ সালে তত্কালীন পতৌদির নবাব ও ক্রিকেট খেলোয়াড় মনসুর আলী খানের সঙ্গে বিয়ের পর শর্মিলা তাঁর নাম পরিবর্তন করে হয়ে যান আয়শা বেগম। সম্ভবত হবু শাশুড়ির পথ অনুসরণ করেই নিজের নামে পরিবর্তন আনতে চাচ্ছেন কারিনা।