কারিনা নাকি প্রিয়াংকা, কে হচ্ছেন নতুন হিরোইন
সব কিছু ঠিকঠাক ছিল। ঐশ্বরিয়া রাইকে নিয়ে বেশ নিশ্চিন্তই ছিলেন পরিচালক মধুর ভান্ডারকর। কিন্তু হঠাত্ খবর আসে হিরোইন ছবির অভিনেত্রী ঐশ্বরিয়া মা হতে চলছেন। খুশির সংবাদে বচ্চন পরিবারের পাশাপাশি সারা বলিউডে আনন্দের জোয়ার বইলেও বিপত্তিতে পড়েন পরিচালক ভান্ডারকর। নায়িকা নিয়ে যথেষ্ট দোটানায় পড়েন যান তিনি। সমস্যাটি থেকে এখনো বেরিয়ে আসতে পারেননি তিনি।ঐশ্বরিয়া রাইয়ের পর হিরোইন ছবির নায়িকা দৌড়ে ক্যাটরিনা কাইফ, বিদ্যা বালান, কারিনা কাপুর ও প্রিয়াংকা চোপড়াদের নাম শোনা যাচ্ছে। প্রথমদিকে চারজনের নাম শোনা গেলেও এখন জোরেশোরেই উচ্চারিত হচ্ছে দুটি নাম। মুম্বাই মিররে প্রকাশিত খবরে বলা হয়েছে হিরোইন ছবির নায়িকা দৌড়ে এখন এগিয়ে আছেন কারিনা কাপুর ও প্রিয়াংকা চোপড়া। দুজনের সঙ্গে দুই প্রযোজকের বেশ কয়েকবার আলাপও হয়েছে। কিন্তু দুজনের কারও থেকেই চূড়ান্ত সম্মতি মেলেনি। ছবিটির পরিচালক মধুর ভান্ডারকর এ ছবির অন্যতম প্রযোজক। আরেক প্রযোজকের নাম রনি স্ক্রিওয়ালা।নতুন নায়িকা নির্বাচন নিয়েও দুই প্রযোজকের পছন্দ ভিন্ন। স্ক্রিওয়ালা চাচ্ছেন প্রিয়াংকা চোপড়াকে ছবিকে নিতে। অন্যদিকে ভান্ডারকরের পছন্দ কারিনা কাপুর। প্রিয়াংকা চোপড়া ছুটি কাটাতে বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। রনি নাকি এরই মধ্যে কয়েকবার প্রিয়াংকার সঙ্গে কথা বলেছেন। যদিও তিনি রনিকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানাননি। কারিনাও ভান্ডারকরকে চূড়ান্ত কিছু জানাননি। সব মিলিয়ে বেশ জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে হিরোইন ছবির কার্যক্রম। এখন দেখার বিষয়, ‘হিরোইন’ হওয়ার দৌড়ে কে কাকে পেছনে ফেলেন—প্রিয়াংকা নাকি কারিনা!