কারিনাও এখন খান
কারিনা কাপুরও এখন খান। কী খান? আরে না, এমন নয়, জিরো ফিগারের মায়া বেমালুম ভুলে গাপুসগুপুস খেতে শুরু করেছেন বলিউড-নন্দিনী। আসলে বলিউডে খানদানি খান ক্লাবে যোগ দিলেন কারিনাও। বৈবাহিক সূত্রে নামের শেষে বিখ্যাত ‘বচ্চন’ পদবিটা পেয়ে গিয়েছিলেন ঐশ্বরিয়া। একইভাবে ‘খান’ পদবি পেলেন কারিনাও। গুঞ্জন ছিল, তালাশ ছবিতেই নতুন নামের কারিনাকে দেখা যাবে। তখন সেই খবরটি সত্যি হয়নি। তবে পতৌদির নবাব পরিবারের পুত্রবধূ নতুন ছবি সত্যাগ্রহতে নতুন নামে ঠিকই হাজির হচ্ছেন। ছবির ট্রেলারেই দেখা যাচ্ছে তাঁর নতুন নাম: কারিনা কাপুর খান।গান্ধীজির সেই ইতিহাস তৈরি করা আন্দোলনের অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ছবিটি। যে ছবিতে পরিচালক প্রকাশ ঝা তুলে এনেছেন রাষ্ট্রযন্ত্রের ধুঁকে ধুঁকে চলায় সাধারণ মানুষের মধ্যে যে তীব্র ক্ষোভ তৈরি হয়, সেই গল্পটাই। কারিনা ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, অজয় দেবগন, মনোজ বাজপেয়ি, অর্জুন রামপাল ও অমৃতা রাও। আগস্টে মুক্তি পাবে সত্যাগ্রহ। মুম্বাই মিরর।