কারিনাকে নিয়ে বিভ্রম!

সম্প্রতি ‘গোরি তেরি পেয়ার মে’ ছবির সেটে যাঁরাই কারিনা কাপুর খানকে দেখেছেন, সবারই ভ্রূ খানিকটা কুঁচকেছে তাঁকে অন্তঃসত্ত্বারূপে দেখে। তবে কি মা হতে চলেছেন ৩২ বছর বয়সী এ তারকা অভিনেত্রী!
অবশ্য বিভ্রান্ত হওয়ার কারণ নেই। সম্প্রতি ‘গোরি তেরে পেয়ার মে’ ছবির সেটে চরিত্রের প্রয়োজনেই নকল ‘বেবি বাম্পে’ অন্তঃসত্ত্বার বেশে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন তিনি।
গত বছরের অক্টোবরে পতৌদির নবাব ও বলিউডের অভিনেতা সাইফ আলী খানকে বিয়ে করেন কারিনা। তাঁদের বিয়ের প্রায় এক বছর হতে চলল। বিয়ের পর থেকেই কারিনা বলে আসছেন, মা হওয়ার তাড়া নেই তাঁর। এমনকি মাঝে একবার মা না হওয়ার ইঙ্গিতও দিয়েছিলেন তিনি। বাস্তবে না হলেও এবার ‘গোরি তেরে পেয়ার মে’ ছবিতে কারিনার অন্তঃসত্ত্বার রূপ দেখবে দর্শক।
সহ-অভিনেতা ইমরান খানের সঙ্গে সম্প্রতি ছবিটির শুটিংয়ে অংশ নেন কারিনা। সে সময় নকল বেবি বাম্পে গোলাপি রঙের আনারকলি সালোয়ার-কামিজে কারিনাকে দেখে প্রকৃতই অন্তঃসত্ত্বা বলে মনে হচ্ছিল। ছবিটি পরিচালনা করছেন পুনিত মালহোত্রা। এটি মুক্তি পাচ্ছে আগামী নভেম্বরে। এক খবরে এসব তথ্য জানিয়েছে ‘ওয়ান ইন্ডিয়া’।
বেবি বাম্প নিয়ে এর আগেও খবরের শিরোনাম হয়েছেন কারিনা। ‘হিরোইন’ ছবির সেটে তোলা কারিনার কয়েকটি ছবি প্রকাশ করেছিলেন পরিচালক মাধুর ভান্ডারকার। ছবিগুলোতে কারিনাকে দেখে অন্তঃসত্ত্বা মনে হওয়ায় তিনি মা হতে চলেছেন বলে খবর চাউর হয়েছিল। এ অবস্থায় বিভ্রান্তি দূর করতে এক টুইটার বার্তায় মাধুর লিখেছিলেন, ‘আপনারা অনুমান করা বন্ধ করুন। কারিনার এ ছবিগুলো বাস্তবের নয়, “হিরোইন” ছবির শুটিংয়ের সময় তোলা হয়েছে।’
এ ছাড়া, মুম্বাই বিমানবন্দরে একবার ক্যামেরাবন্দী হয়েছিলেন কারিনা। তখন তিনি তাঁর স্ফীত পেট লুকানোর চেষ্টা করেছেন বলে খবর প্রকাশিত হয়েছিল। তবে সে যাত্রায় কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবরকে ভিত্তিহীন গুজব বলেই উড়িয়ে দিয়েছিলেন তাঁর কাছের লোকজন।
এদিকে, বিয়ের পর জীবনে কোনো রকম পরিবর্তন আসেনি বলেই জানিয়েছেন কারিনা। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘আমি আর সাইফ একে-অন্যকে ভালোবেসে বিয়ে করেছি। বিয়ের পরও আমরা আগের মতোই আছি। সাইফের সঙ্গে অভিসারের দিনগুলোর সঙ্গে বিয়ের পরের দিনগুলোর মধ্যে আমি কোনো রকম তফাত খুঁজে পাচ্ছি না। সবকিছু আগের মতোই আছে। বিয়ের পর সাইফ একটুও বদলায়নি। আশা করব, কখনোই সে বদলাবে না। সব মিলিয়ে আমাদের বিবাহিত জীবনটা চমত্কার কাটছে।’
বিয়ের পর নিজেও বদলে যাননি বলে মনে করেন কারিনা। তাঁর মতে, ‘বিয়ের পর খুব বেশি বদলাইনি আমি। এক দশকের বেশি সময় হলো চলচ্চিত্রজগতে এসেছি, তাই এখনই সবকিছু গুটিয়ে নেওয়ার সময় আসেনি। তবে, বলিউডের অন্য অভিনেত্রীদের সঙ্গে ইঁদুরদৌড়ে আমি নিজেকে দেখতে চাই না। কাজের মধ্যে থাকার প্রমাণ চাইলে বলব যে, বিয়ের ঠিক চার দিন পরই শুটিংয়ে নেমে পড়েছিলাম আমি।’
কারিনা আরও বলেন, ‘আমি বুঝি না, সবাই বিয়েকে বিশাল একটি ব্যাপার কেন মনে করেন! বাস্তব চিত্রটা কিন্তু সম্পূর্ণ উলটা। বিয়ের পর জীবনে পরিবর্তন আসার কোনো কারণ আছে বলে মনে হয় না আমার। এ ধরনের প্রশ্ন শুনলে আমার খুবই অবাক লাগে। শৈশব থেকেই নিজের দায়িত্ব সম্পর্কে আমি সচেতন ছিলাম। মা, বোন ও পরিবারের সদস্যদের প্রতি সব রকম দায়িত্বই পালন করার চেষ্টা ছিল আমার মধ্যে। আর এখন সাইফের দায়িত্ব আমার কাঁধে। সাইফও অনেক দায়িত্বশীল ও পরিণত একজন মানুষ।’
প্রেম-ভালোবাসা কাজের কোনো ক্ষতি করে না বলেও মনে করেন কারিনা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভালোবাসা ও কাজের মধ্যে আমি কোনো পার্থক্য দেখতে পাই না। জীবনে প্রেম-ভালোবাসা আসবেই। ভালোবাসা মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার মতোই একটি বিষয়। কাজ ও ভালোবাসার মধ্যে ভারসাম্য রক্ষা করে চলতে পারলে কাজের কোনো ক্ষতি হয় না।