কারিনাকে নিয়ে লন্ডন যাচ্ছেন সাইফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পতৌদির নবাব ও বলিউডের অভিনেতা সাইফ আলী খান ১৬ আগস্ট ৪২ বছরে পা রাখছেন। জীবনের বিশেষ এ দিনটি পালন করতে ১২ আগস্ট লন্ডনের উদ্দেশে যাত্রা করছেন তিনি। বলাই বাহুল্য, বিশেষ দিনে বিশেষ মানুষের সঙ্গেই জন্মদিন উদযাপন করবেন সাইফ। তাঁকে সঙ্গ দেওয়ার জন্য প্রেমিকা কারিনা কাপুরও যাচ্ছেন লন্ডনে। আগামী ২১ সেপ্টেম্বর মুক্তি পাবে কারিনা অভিনীত বহুল আলোচিত ছবি ‘হিরোইন’। এই মুহূর্তে ছবিটির ডাবিংয়ের কাজ শেষ করতে ব্যস্ত কারিনা। অন্যদিকে, নিজের প্রযোজনা সংস্থার পরবর্তী ছবির শুটিং করতে মরিশাস যাওয়ার আগে পাঁচ দিনের ছুটি নিয়েছেন সাইফ। তিনি এই পাঁচ দিন কারিনার সঙ্গে লন্ডনে সময় কাটাবেন। সম্প্রতি এক খবরে এমন তথ্য প্রকাশ করেছে টিওআই। লন্ডনে পছন্দের একটি হোটেল আছে সাইফ এবং কারিনার। এর আগে প্রতিবারই সেই হোটেলে উঠেছেন তাঁরা। এবারও সেখানেই উঠবেন। এরই মধ্যে হোটেল বুকিংয়ের কাজও সেরে ফেলেছেন সাইফ ও কারিনা। এক সাক্ষাত্কারে কারিনা বলেছিলেন, ‘নির্ঝঞ্ঝাটে ঘুরে বেড়ানোর জন্য আদর্শ জায়গা লন্ডন। সেখানে মনের আনন্দে ইচ্ছেমতো ঘুরে বেড়ানো যায়, কেউ পিছু নেয় না। ইচ্ছে হলে আমি আর সাইফ হাইড পার্কে হাঁটতে থাকি বা ব্রডওয়ে শো দেখতে চলে যাই। তাই বিশেষ কোনো উপলক্ষ এলেই আমরা লন্ডনে ছুটে যাই।’