কারিনাকে পেছনে ফেললেন ক্যাটরিনা
যদিও সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া বলিউডের অভিনেত্রীর তকমাটা এখনো কারিনা কাপুরের দখলে। ‘হিরোইন’ ছবিতে আট কোটি রুপি পারিশ্রমিকের পাশাপাশি ছবির লভ্যাংশও পাবেন তিনি। উপরন্তু একটি পানীয় ব্র্যান্ডের দূত হিসেবে পেয়েছেন পাঁচ কোটি রুপি। কিন্তু পারিশ্রমিকের দৌড়ে এবারে কারিনাকে পেছনে ফেললেন ক্যাটরিনা কাইফ। সম্প্রতি একটি পেইন্ট ব্র্যান্ডের দূত হিসেবে সাত কোটি রুপির চেক পেয়েছেন ক্যাটরিনা। কাকতালীয়ভাবে একই ব্র্যান্ডের দূতিয়ালি করেছেন যশরাজ ফিল্মসের নতুন ছবিতে ক্যাটরিনার সহ-অভিনেতা শাহরুখ খান। সম্প্রতি এক খবরে এমন তথ্য প্রকাশ করেছে ইন্দো-এশিয়ান নিউজ। এ বছর বলিউডের প্রভাবশালী তিন খান—সালমান, আমির ও শাহরুখের বিপরীতে অভিনয়ের সুযোগ পেয়েছেন ক্যাটরিনা। নিঃসন্দেহে ছবিগুলো ক্যাটরিনার সাফল্যের মুকুটে নতুন পালক যুক্ত করবে। পণ্যের দূতিয়ালির ক্ষেত্রেও পারিশ্রমিকের রেকর্ড গড়লেন ২৮ বছর বয়সী এ অভিনেত্রী। সব মিলিয়ে অনেকের অভিমত, বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রীর আসনটি যে ক্যাটরিনা দখল করতে চলেছেন, তাতে সন্দেহের আর কোনো অবকাশ নেই।