কারিনার অনামিকায় বাগদানের আংটি!
সাইফ আলী খান ও কারিনা কাপুরের বিয়ের দিনক্ষণের খবর এরই মধ্যে জেনে ফেলেছেন বলিউডপাড়ার সবাই। কিন্তু এই জুটির বাগদানের খবর এখন পর্যন্ত গোপনই রয়ে গেছে। তবে সম্প্রতি কারিনার অনামিকায় বিশাল আকৃতির হীরের আংটি দেখা যাওয়ার পর এক খবরে এনডিটিভি জানিয়েছে, সম্ভবত গোপনে বাগদানের কাজটি সেরে ফেলেছেন সাইফ ও কারিনা।আসছে ১৬ অক্টোবর বহুল আলোচিত এই বলিউডের তারকাজুটির বিয়ের দিন ধার্য হলেও রহস্যজনকভাবে নিজের বিয়ে নিয়ে কঠোর গোপনীয়তা অবলম্বন করছেন পতৌদির নবাব পরিবারের হবু বধূ কারিনা। বিয়ে নিয়ে এখন পর্যন্ত মুখ থেকে কুলুপ সরাননি তিনি। মুখে কিছু না বললেও সম্প্রতি বাঁ-হাতের অনামিকায় বিশাল এক হীরের আংটি পরা অবস্থায় মুম্বাই বিমানবন্দরে ক্যামেরাবন্দী হয়েছেন ৩১ বছর বয়সী এ তারকা। মূলত এর পর থেকেই সাইফ-কারিনার বাগদানের খবর ছড়িয়েছে বলিউডের মিডিয়াপাড়ায়।এ বছরের ১৬ অক্টোবর হরিয়ানার পাতৌদি প্রাসাদে সাইফ-কারিনার বিয়ে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন কারিনার হবু শাশুড়ি শর্মিলা ঠাকুর এবং ননদ সোহা আলী খান। অবশ্য বাগদানের বিষয়ে সাইফ কিংবা কারিনার পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি।